২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কেবল আইন হলেই মেয়ের নাম প্রকাশে রাজি বাবা’

ভারতের নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে নিহত ছাত্রীর বাবা তার মেয়ের নাম প্রকাশ করতে চান না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 12:45 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

ভারতের নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে নিহত ছাত্রীর বাবা তার মেয়ের নাম প্রকাশ করতে চান না।

যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদপত্রে দাবি করা হয়েছে, ছাত্রীটির বাবা তার মেয়ের নাম প্রকাশ করতে চান। এই দাবি তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তবে তার মেয়ের নামে যৌন নির্যাতন সংক্রান্ত নতুন আইন প্রণয়ন করা হলেই কেবল তিনি নাম প্রকাশে আপত্তি জানাবেন না বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ফিজিওথেরাপির ওই শিক্ষার্থীর বাবার উদ্ধৃতি দিয়ে ভারতের হিন্দুস্তান টাইমস জানায়, যৌননির্যাতন সংক্রান্ত নতুন আইন তার মেয়ের নামে নামকরণ করা হলেই কেবলমাত্র মেয়ের নাম জনসম্মুখে আসা উচিৎ হবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, “আমি শুধুমাত্র এটাই বলেছিলাম যদি সরকার নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত নতুন কোনো আইনে আমার মেয়ের নাম ব্যবহার করতে চায় তবে আমাদের কোনো আপত্তি নেই। কাউকে স্মরণ করতে এটা বেশ ভালো এবং আরো বেশি শক্তিশালী উপায়।”


রোববার সানডে পিপল নির্যাতিতা ও তার বাবার নাম প্রকাশ করে জানিয়েছে, নির্যাতিতার তাদের নাম প্রকাশের অনুমতি দিয়েছেন। তবে নির্যাতিতার পরিবারের অনুরোধে নির্যাতিতার কোনো ছবি প্রকাশ করা হবে না বলে জানিয়েছে সংবাদপত্রটি।

সংবাদপত্রটির দাবি তাদেরকে দেয়া এক সাক্ষাৎকারে ফিজিওথেরাপির ওই শিক্ষার্থীর বাবা বলেছিলেন, “আমরা চাই বিশ্ব তার প্রকৃত নাম জানুক।”

“আমার মেয়ে কোনো অন্যায় করেনি, প্রতিরোধ করতে গিয়ে মারা গেছে।”

তিনি আরো বলেন, “আমি তাকে নিয়ে গর্বিত। তার নাম প্রকাশ করলে এই ধরনের নির্যাতন থেকে বেঁচে ফিরে আসা নারীরা সাহস পাবে। তারা আমার কন্যার কাছ থেকে শক্তি পাবে।”

ভারতের যৌননির্যাতন সংক্রান্ত আইনের অধীনে ওই ছাত্রীর নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।

যদিও ভারতের মন্ত্রী শশী থারোর মেয়েটির নাম প্রকাশ করার আবেদন জানিয়েছিলেন, যাতে যৌননির্যাতনবিরোধী নতুন আইনে তা ব্যবহার করা যায়।

১৬ ডিসেম্বর সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসের মধ্যে গণধর্ষণের শিকার হন ফিজিওথেরাপির ওই ছাত্রী। তার সঙ্গে থাকা ছেলেবন্ধুকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে নিপীড়কেরা। পরে দুজনকেই মারধর করে বিবস্ত্র অবস্থায় চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেয়।

ঘটনার দুই সপ্তাহ পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান ওই নির্যাতিতা।

এ ঘটনায় ভারতজুড়ে তীব্র বিক্ষোভের মুখে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেয় সরকার।

ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ডিএনএ পরীক্ষায়ও ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

সোমবার নয়াদিল্লির একটি আদালতে এ ঘটনার বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।