দিল্লি গণধর্ষণ মামলা: আদালতে হাজির আসামিরা
ভারতের রাজধানী নয়াদিল্লিতে তরুণীকে গণধর্ষণ ও হত্যা মামলার প্রাথমিক শুনানির জন্য সোমবার আদালতে হজির করা হয়েছে পাঁচ আসামিকে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে তরুণীকে গণধর্ষণ ও হত্যা মামলার প্রাথমিক শুনানির জন্য সোমবার আদালতে হজির করা হয়েছে পাঁচ আসামিকে।
তিহার জেল থেকে পুলিশ ভ্যানে করে তাদেরকে আদালতে নিয়ে আসা হয়। রয়টার্সের কয়েকটি ছবিতে আসামিদেরকে পুলিশের নীল রঙের ভ্যান থেকে নামতে দেখা গেছে। এরপর তাদেরকে তল্লাশি করে দিল্লির আদালতকক্ষে নিয়ে যাওয়া হয়।
আসামিদের উপস্থিতিতে আদালতকক্ষে কোলাহলপূর্ণ পরিবেশের কারণে রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন বিচারক।
আটকদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও হত্যাসহ আরো কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এ মামলাটি ভারতের নবগঠিত দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হবে বলে ধারণা করা হচ্ছে।
দিল্লির সাকেত জেলা আদালতের কক্ষে আইনজীবিদের যুক্তি-তর্ক উপস্থাপন, পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে কোলাহলপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রুদ্ধদ্বার শুনানি প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট নম্রিতা আগরওয়াল বলেছেন, “অতিরিক্ত লোকজনে আদালত কক্ষ বিশৃঙ্খল হয়ে গেছে।”
“এ অবস্থায় বিচার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে,” বলেন তিনি।
আসামিদের দুইজন শাস্তি এড়াতে সাক্ষ্যপ্রমাণ দেয়ার প্রস্তাব দিয়েছে।
ওদিকে, ষষ্ঠ সন্দেহভাজনের বয়স ১৭ হওয়ায় কিশোর আদালতে আলাদাভাবে তার বিচার করা হবে। আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন না বলে জানিয়েছেন বিচারকরা।
বিচারে অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে।
এ মামলায় অভিযুক্তরা হচ্ছেন, রাম সিং, তার ভাই মুকেশ সিং এবং পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর।
এদের দুইজন স্বাক্ষ্য দেয়ার প্রস্তাব করার ফলে আরো পরিস্কার তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ ও তার ছেলে বন্ধুসহ তাকে মারধোরের পর তাদের বাস থেকে ফেলে পিষে মারার চেষ্টা করা হয়।
ঘটনার দুই সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়।
এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভকারীরা ধর্ষণবিরোধী কঠোর আইন প্রণয়ন ও পুলিশ প্রশাসনের পুনর্গঠন দাবি করেছে। পুলিশ প্রায়ই অভিযুক্তদের বিরূদ্ধে মামলা দায়ের করতে ব্যর্থ হয় বলে অভিযোগ করছে তারা।
ওদিকে, মেয়ের নামে ধর্ষণবিরোধী আইন প্রণয়ণ হলে তরুণীটির নাম প্রকাশে আপত্তি নেই বলে জানিয়েছেন তার বাবা।
