দিল্লি ধর্ষণ: ‘পথচারীরা সাহায্য করেনি’
নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার ওই ছাত্রী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় প্রায় এক ঘন্টা একটি রাস্তার পাশে পড়ে থাকলেও পথচারীরা তাকে কোনো সাহায্য করেনি।
নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার ওই ছাত্রী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় প্রায় এক ঘন্টা একটি রাস্তার পাশে পড়ে থাকলেও পথচারীরা তাকে কোনো সাহায্য করেনি।
একই ঘটনায় মারাত্মকভাবে আহত ওই ছাত্রীর বন্ধু শুক্রবার প্রথমবারের মতো গণমাধ্যমের কাছে এসব কথা জানিয়েছেন।
১৬ ডিসেম্বর সন্ধ্যায় বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার সময় একটি গণপরিবহণে গণধর্ষণের শিকার হয় ২৩ বছর বয়সী ওই ছাত্রী। ধর্ষণের পর ছাত্রী ও তার বন্ধুকে ব্যাপক মারধর করে নিপীড়কেরা।
মারধরের পর চলন্ত বাস থেকে তাদের দুইজনকে ছুঁড়ে ফেলে দেয়া হয়। এসময় বাসের চাকায় পিষ্ট করে তাদের মারারও চেষ্টা করা হয়।
এই ঘটনার দুই সপ্তাহ পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের এক হাসপাতালে মারা যায় ধর্ষিতা ওই ছাত্রী ।
এতে নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে কর্তৃপক্ষের ব্যর্থতায় ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
জি নিউজ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিহত ছাত্রীর বন্ধু জানিয়েছেন, নিপীড়কেরা একটি লোহার রড দিয়ে মারতে থাকলে তিনি জ্ঞান হারান। এরপর তাদের দুইজনকেই বাস থেকে ছুঁড়ে ফেলে তারা।
রাস্তায় পড়ে থাকার সময় সাহায্যের জন্য তারা পাশ দিয়ে যাওয়া পথচারীদের অনুরোধ করেন কিন্তু কেউ সাড়া দেয়নি।
তিনি বলেন, “আমাদের ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়েছিল কিন্তু কেউ সাহায্য করেনি। পুলিশ আসার আগে আমি সাহায্যের জন্য প্রাণপণ চিৎকার করলেও পাশ দিয়ে যাওয়া অটো, প্রাইভেট কার বা অন্যান্য যারা পাশ দিয়ে যাচ্ছিল কেউ থামেনি।”
৪৫ মিনিটেরও বেশি সময় ধরে তারা রাস্তার পাশে পড়ে ছিলেন। এরপর একটি পুলিশের গাড়ি এলেও তাদের কোথায় নেওয়া হবে তা নিয়ে বিতর্ক করে দীর্ঘ সময় পার করেন পুলিশ কর্মকর্তারা।
তিনি বলেন, “আমাদের কিছু কাপড় দেওয়ার জন্য চিৎকার করতে থাকলেও তারা আমাদের কথায় কর্ণপাত না করে কোন থানায় আমাদের ঘটনা লিপিবদ্ধ করা হবে তা নিয়ে বিতর্কে ব্যস্ত থাকে।”
এ বিষয়ে দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত জানান, পুলিশের জিপিএস রেকর্ড অনুযায়ী খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই পুলিশের প্রথম গাড়িটি ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরবর্তী ২৪ মিনিটের মধ্যে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার শিকার নারী ও পুরুষ কারো নামই গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার পাঁচ ব্যক্তির বিরুদ্ধে গণধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়েছে। ডিএনএ পরীক্ষায় ঘটনার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
শনিবার দিল্লির একটি আদালতে অভিযোগের শুনানি হওয়ার কথা রয়েছে।
