২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিহত ৬০ হাজার ছাড়িয়েছে

সিরিয়ার গণঅভ্যুত্থান ও গৃহযুদ্ধে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2013, 07:24 PM

Updated : 23 Aug 2022, 10:00 AM

সিরিয়ার গণঅভ্যুত্থান ও গৃহযুদ্ধে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘ।

দেশটিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে এবং এখন পর্যন্ত এ সংঘর্ষ শেষ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

জাতিসংঘের এ ঘোষণার দিন দামেস্কের উপকন্ঠে সরকারি সেনারা একটি পেট্রোল স্টেশনের বিমান হামলা চালালে বহু লোক নিহত হয়।

গাড়ির জ্বালানি নেয়ার জন্য অপেক্ষমান অনেক গড়ি চালক এ হামলায় অগ্নিদগ্ধ হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা।

রাজধানীর পূর্বাঞ্চলীয় উপকন্ঠ মুলেইহায় স্থানীয় সময় দুপুর ১টায় এ হামলা হয়। এর ঘন্টাখানেক পর ঘটনাস্থলে যাওয়া বিদ্রোহী আবু সাঈদ বলেন, “আমি কমপক্ষে ৩০টি মৃতদেহ গুনেছি। তারা হয় পুড়ে গেছে, নয় ছিন্নভিন্ন হয়ে গেছে।”

ওদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার নাভি পিল্লায় বলেছেন, সিরিয়ায় ১৫ মার্চ, ২০১১ থেকে ৩০ নভেম্বর, ২০১২ পর্যন্ত ৫৯ হাজার ৬৪৮ জন নিহত হয়েছে।

সংস্থাটির গবেষকরা পাঁচ মাস ধরে সাতটি সূত্রের তথ্য পর্যলোচনা করে এ সংখ্যা নির্ধারণ করেছেন। তবে প্রকৃত সংখ্যা এর অনেক বেশি হবে বলে মন্তব্য করেছেন পিল্লায়।

“সর্বশেষ হিসাবে নিহতের যে সংখ্যা বেরিয়ে এসেছে তাও ধারণার চেয়ে অনেক বেশি এবং সত্যিই মর্মান্তিক”, বলেন পিল্লায়।

তিনি আরো বলেন, “নভেম্বরের শেষের দিক থেকে সিরিয়ায় লড়াইয়ের কোনো বিরতি দেখা যায়নি। আর তাই ২০১৩ সালের শুরু নাগাদই ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়ে গেছে বলে ধারণা করা যায়।”

নিহতরা বিদ্রোহী, সেনা নাকি বেসামরিক নাগরিক তা আলাদা করে উল্লেখ করা হয়নি জাতিসংঘের দেয়া তথ্যে। এমনকি ৬০ হাজারের কত বেশি মানুষ নিহত হয়েছে তাও সুনির্দিষ্ট করা হয়নি।

এর আগে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ নিশ্চিত তথ্য দিয়ে সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৫ হাজার বলে জানিয়েছিল।তবে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলেও জানিয়েছিল তারা।