২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে বোমা হামলায় নিহত ৪

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী করাচির জনাকীর্ণ এলাকায় বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2013, 05:52 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী করাচির জনাকীর্ণ এলাকায় বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।

মঙ্গলবার করাচির আয়েশা মঞ্জিল এলাকায় বোমটি বিস্ফোরিত হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ইমরান শওকাত। একটি মোটরসাইকেলের মধ্যে বোমাটি পেতে রাখা হয়েছিল এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর বিস্ফোরণ ঘটানো হয়।

পাকিস্তানের অবৈধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান এই হামলার দায় স্বীকার করেছে বলে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে।

বিস্ফোরণস্থলের কাছাকাছি পাকিস্তানের মুত্তাহিদা কওমি আন্দোলনের রাজনৈতিক (এমকিউএম) সমাবেশ চলছিল। ওই সমাবেশকে লক্ষ করেই এই হামলা চালানো হয় বলে সংগঠনটি দাবি করেছে। তারা এমকিউএম নেতাদের ওপর আরো হামলা চালানোরও ঘোষণা দিয়েছে।

পাকিস্তানি তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান দ্য ডন সংবাদমধ্যমকে বলেন, এমকিউএম’র কর্মীদের লক্ষ করে যে হামলা চালানো হয়েছে তা শুধু একটি হুঁশিয়ারি মাত্র। এমকিউএম’র নেতাকর্মীদের ওপর আরো হামলা চালানো হবে।

শক্তিশালী এই বোমাটির বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে বলে জানিয়েছেন কেউ কেউ।

১ কোটি ৮০ লাখ অধিবাসীর করাচিতে ইসলামি জঙ্গিদের পাশাপাশি সহিংস অপরাধী গোষ্ঠীগুলোও এ ধরনের বিস্ফোরণ ঘটিয়ে থাকে।