দিল্লিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ
ভারতে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদকারীদের দমনে রাজধানী নয়াদিল্লির কিছু এলাকায় রোববার ১৪৪ ধারা জারি হলেও শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছে কয়েক হাজার বিক্ষোভকারী।
ভারতে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদকারীদের দমনে রাজধানী নয়াদিল্লির কিছু এলাকায় রোববার ১৪৪ ধারা জারি হলেও শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছে কয়েক হাজার বিক্ষোভকারী।
৫ জনের বেশি মানুষ জমায়েতের ওপর সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা বিক্ষোভে জড়ো হয়।
রাষ্ট্রপতি ভবন অভিমুখী বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ছোড়াসহ লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তবে উল্লেখযোগ্য সংখ্যক গৃহবধূ ও কিশোর-কিশোরীকেও মিছিলে দেখা গেছে।
বিক্ষোভে বাধা দিতে বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়। রাস্তায় রাস্তায় বেষ্টনী স্থাপন করে পুলিশ।
কিন্তু এসব বাধা উপেক্ষা করেই ইন্ডিয়া গেট এলাকায় দুই হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হয়।
বিভিন্ন সরকারি কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে ‘দিল্লি পুলিশ নিপাত যাক’ বলে স্লোগান দিতে থাকে। বিক্ষোভে বাধা দেয়ায় পুলিশের দিকে বোতল ছুড়ে তারা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়েছে।
এর আগে শনিবারও রাষ্ট্রপতি ভবনের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনার পরই রোববার ইন্ডিয়া গেট এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা।
পরিস্থিতির চাপের মুখে বিক্ষোভকারীদের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী নিজ বাসভবনে বৈঠক করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। সোনিয়ার ছেলে রাহুল গান্ধীও এতে অংশ নেন।
এনডিটিভি জানায়, রোববার ইন্ডিয়া গেটে জড়ো হওয়া বিক্ষোভকারীদের জোর করে বাসে তুলে দিল্লির উত্তরপূর্ব দিকে বাওয়ানা স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আপাতত আটকে রাখা হবে বলে প্রতিবেদনে জানানো হয়।
এ সময় কিছু বিক্ষোভকারীকে বাসের ছাদে উঠে স্লোগান দিতে দেখা যায়। অনেক বিক্ষোভকারী বাসে উঠতে অস্বীকৃতি জানিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। এ সময় কয়েকটি বাসের চাকাও তারা নষ্ট করে দেয়।
গত রোববার মারধর ও ধর্ষণের পর দিল্লির ব্যস্ত রাস্তায় চলন্ত বাস থেকে ফেলে দেয়া হয় এক তরুণীকে। এ ঘটনায় ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। ধর্ষকদের মৃত্যুদ- এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গত সপ্তাহজুড়ে মিছিল, সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভকারীরা।
ওই ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। মেডিকেলের ছাত্রী সেই তরুণী বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ভারতীয় গণমাধ্যমের দেয়া তথ্যানুযায়ী, দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে ১ কোটি ৬০ লাখ জনসংখ্যার নয়া দিল্লিতেই সবচেয়ে বেশি যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশের নথিপত্র অনুযায়ী, দিল্লির থানাগুলোতে প্রতি ১৮ ঘণ্টায় একটি ধর্ষণ এবং প্রতি ১৪ ঘন্টায় একটি যৌন নিপীড়নের ঘটনা নথিভুক্ত হয়।
আসামের বৃহত্তম শহর গোয়াহাটিতে শতশত নারী শুক্রবার প্ল্যাকার্ড হাতে “ধর্ষণকারীদের ফাঁসি দাও” ও “নারীর প্রতি সহিংসতা বন্ধ কর” শ্লোগান দেয়।
অন্যদিকে, সরকার বিক্ষোভকারীদের দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে তাদের শান্ত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী আর পি এন সিং।
