ইয়ারমউক দখল করল সিরিয়ার বিদ্রোহীরা
বিদ্রোহীদের হঠাতে যুদ্ধবিমান ও কামান ব্যবহার করছে সরকারী বাহিনীগুলো। কিন্তু লড়াই আস্তে আস্তে রাজধানী দামস্কে পর্যন্ত ছড়িয়ে পড়ছে।
সিরিয়ার রাজধানী দামেস্কের প্রান্তবর্তী ফিলিস্তিনি উদবাস্তু শিবির ইয়ারমউক দখল করে নিয়েছে বিদ্রোহীরা। কয়েকদিনের প্রচণ্ড লড়াইয়ের পর শিবিরটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে বিদ্রোহীরা।
সোমবার এখবর জানিয়েছে বিদ্রোহী ও ফিলিস্তিনি সূত্রগুলো।
এই শিবির দখলের লড়াইয়ে ফিলিস্তিনিদের পক্ষ থেকে বিদ্রোহীরা ব্যাপক সাহায্য পেয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ফিলিস্তিনি লিবারেশন অব প্যালেস্টাইন-জেনারেল কমান্ডের (পিএফএলপি-জিসি) পপুলার ফ্রন্টের যোদ্ধারা লড়াই করলেও তাদের অনেকেই পক্ষ ত্যাগ করে বিদ্রোহী পক্ষে যোগ দেয়।
পিএফএলপি-জিসি’র নেতা আহমেদ জিব্রিল দুইদিন আগেই শিবির ছেড়ে চলে গিয়েছেন বলে জানিয়েছে বিদ্রোহীরা।
ইয়ামউকের এক ফিলস্তিনি আন্দোলনকারী জানান, “পুরো শিবিরটি এখন ফ্রি সিরিয়ান আর্মির (বিদ্রোহী) দখলে।”
লড়াই থেমে গেছে জানিয়ে তিনি বলেন, পিএফএলটি’র বাকী যোদ্ধারা পিছু হটে শিবিরের দক্ষিণ দিকে আসাদ বাহিনীর সঙ্গে যোগ দেওয়ার জন্য চলে গেছে।
ইয়ারমউকের লড়াই সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ সীমানায় চলা ধারাবাহিক লড়াইগুলোর মধ্যে অন্যতম।
৪৭ বছর বয়সী প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য গত ২১ মাস ধরে আন্দোলন-বিদ্রোহ-লড়াই চালিয়ে আসছে বিদ্রোহীরা।
লড়াইয়ে এ পর্যন্ত ৪০ হাজারের মতো মানুষ নিহত হয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।
বিদ্রোহীদের হঠাতে যুদ্ধবিমান ও কামান ব্যবহার করছে সরকারী বাহিনীগুলো। কিন্তু লড়াই আস্তে আস্তে রাজধানী দামস্কে পর্যন্ত ছড়িয়ে পড়ছে।
আন্দোলনকারীরা দাবি করেছে, সোমবার হামা প্রদেশে বিদ্রোহীরা সেনাবাহিনীর তিনটি অবস্থান দথল করে নিয়েছে।
ইয়ারমউকে লড়াই চলাকালে কয়েকশ’ ফিলিস্তিনি পরিবারকে সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী লেবাননে চলে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
সিরিয়ার আশ্রয় নেওয়া প্রায় ৫ লাখ ফিলিস্তিনি উদবাস্তুদের অধিকাংশেরই বাস ইয়ারমউক শরণার্থী শিবিরে।
