২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১২ সালে আন্তর্জাতিক পর্যটক ১০০ কোটি

এশিয়ার দেশগুলোর কয়েক কোটি মানুষ দরিদ্র থেকে মধ্যবিত্ত শ্রেণীতে উন্নীত হওয়ার ফলেও আন্তর্জাতিক পর্যটনে প্রসার ঘটেছে। বাড়তি সম্পদ পর্যটনে ব্যয় করছে এসব মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 05:27 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

লন্ডন, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১২ সালে ১০০ কোটি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন সংস্থা। লন্ডনভিত্তিক সংস্থাটি জানায়, এ বছর ১৩ ডিসেম্বরে বিশ্বের ১০০ কোটিতম পর্যটকটি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে আরেকটি দেশে প্রবেশ করবে। বিভিন্ন ভ্রমণ সংস্থার নির্বাহীদের নিয়ে এ সংস্থাটি বিশ্বের দেশগুলোর ইস্যু করা ভিসা ও আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সংক্রান্ত তথ্য-উপাত্ত সংকলন করে এ তথ্য জানায়। এ হিসাব অনুযায়ী, চলতি বছর বিশ্বের প্রতি সাত জনের মধ্যে একজন বিশ্বভ্রমণে অংশ নিয়েছে। কয়েক দশক আগেও আন্তর্জাতিক ভ্রমণ শুধু ধনীদের পক্ষেই সম্ভব বলে মনে করা হতো। পর্যটকদের সংখ্যা বৃদ্ধির কারণের মধ্যে চীনের মতো উন্নয়নশীল দেশগুলোর বিপুল সমৃদ্ধি থেকে শুরু করে, পর্যটনের মধ্যদিয়ে পৃথিবীকে আরো শান্তিপূর্ণ স্থানে পরিণত করার চেতনা পর্যন্ত বিভিন্ন বিষয় রয়েছে। সংস্থাটির প্রধান ডেভিড স্কোসিল বলেন, ‘এটি একটি বিস্ময়কর মাইলফলক। পুরো বিশ্ব ঘুরে বেড়াতে চায় এমন মানুষের সংখ্যা অনিবার্যভাবে বেড়ে চলেছে।’ পর্যটকদের গন্তব্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স শীর্ষে থাকলেও তালিকায় উঠে এসেছে গুয়াতেমালা, ডোমিনিকান রিপাবলিক, আইভরি কোস্টের মতো দেশগুলোর নাম। মাত্র এক দশক আগেও এসব দেশ আন্তর্জাতিক পর্যটনের হিসাবের মধ্যে ধরাই হতো না। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা জানায়, শীর্ষ পাঁচটি গন্তব্যের মধ্যে রয়েছে প্যারিস, লন্ডন, নিউইয়র্ক, তুরস্ক ও সিঙ্গাপুর। এশিয়ার দেশগুলোর কয়েক কোটি মানুষ দরিদ্র থেকে মধ্যবিত্ত শ্রেণীতে উন্নীত হওয়ার ফলেও আন্তর্জাতিক পর্যটনে প্রসার ঘটেছে। বাড়তি সম্পদ পর্যটনে ব্যয় করছে এসব মানুষ। ডেভিড স্কোসিল জানান, ২০১০ সালে চীন থেকে অন্য দেশে যাওয়া মানুষের সংখ্যা ছিলো ৫ কোটি ৮০ লাখ। ২০১২ সালে তা ৭ কোটি ২০ লাখে এসে দাঁড়ায়। এছাড়া বিমানভাড়া কমে আসার ফলেও পর্যটনের হার বেড়েছে। ইউনিভার্সিটি অব টেক্সাস সান আন্তোনিও’র পর্যটন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডেভিড বোয়ানিক বলেন, ১৯৭০ সালে বিমান সংস্থাগুলোকে ভাড়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় নামতে বাধ্য করার যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে অবকাশ যাপনের উদ্দেশ্যে ভ্রমণের অভ্যাস ছড়িয়ে পরে। বর্তমানে নিউইয়র্ক-লন্ডন রুটের বিমান ভাড়া ১৯৬০ সালের ভাড়ার এক-চতুর্থাংশ বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১১২৫ ঘ.