২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালালাকে দেখতে যাবেন জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি যুক্তরাজ্যের বার্মিংহাম হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী অধিকারকর্মী মালালা ইউসুফজাইকে দেখতে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি যুক্তরাজ্যের বার্মিংহাম হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী অধিকারকর্মী মালালা ইউসুফজাইকে দেখতে যাবেন। শুক্রবার যুক্তরাজ্য ও ফ্রান্স সফরের উদ্দেশ্যে জারদারি পাকিস্তান ত্যাগ করেন বলে দ্য ডন জানায়। প্রেসিডেন্ট জারদারির কার্যালয় থেকে জানানো হয়, “প্রেসিডেন্ট যুক্তরাজ্য সফরকালে মালালা ইউসুফজাইকে দেখতে যাবেন, তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেবেন।” তবে তিনি কবে, কখন যাবেন এ ব্যাপারে কোনোকিছু জানানো হয়নি। প্যারিসে ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের “স্ট্যান্ড আপ ফর মালালা: গার্লস রাইট টু এডুকেশন” শীর্ষক এক অনুষ্ঠানেও অংশ নেবেন জারদারি। ইউনেসকো ও পাকিস্তান যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৫ বছর বয়সী মালালা পাকিস্তানিদের তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জীবিত করেন। তালেবান দেশটিতে নারী শিক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে মালালা তার প্রতিবাদ করেন। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় চলতি বছরের অক্টোবরে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে তালেবান জঙ্গিরা। এই ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ মালালাকে গুরুতর অবস্থায় লন্ডনের বার্মিংহামে এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১২ ঘ.