ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলবে এমন গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে সুইডিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো।
গাড়ির চালক ও যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থার জন্য বিখ্যাত এ প্রতিষ্ঠানটি ২০২০ সালে এ গাড়িটি বাজারে আনার পরিকল্পনা করছে বলে এনডিটিভির এক খবরে জানানো হয়।
বর্তমানে এ গাড়ির নকশা তৈরি করা হচ্ছে এবং ২০১৪ সালে গাড়িটির প্রথম সংস্করণ বাজারে আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে।
ভলভো’র পরিচালকদের একজন অ্যান্ডারস ইউজিনসন বলেন, ‘২০২০ সালের মধ্যে নতুন ভলভো গাড়ির চালক বা যাত্রীদের আহত বা মৃত্যু ঠোকনোই আমাদের লক্ষ্য।’
ইতোমধ্যে স্পেনের রাস্তায় এবং পশ্চিম সুইডেনে প্রতিষ্ঠানটির নিজস্ব ট্র্যাকে এ গাড়ির প্রাথমিক নমুনাগুলো পরীক্ষা করা হয়েছে বলে বিভিন্ন সংবাদপত্রে জানানো হয়।
ইউজিনসন বলেন, ‘ভবিষ্যতের গাড়িটি হবে ‘আদিকালের কৃষকের ঘোড়া’র মতো। একে চালক নিজের ইচ্ছামতো চালাতে পারবেন, মালামাল বহন করতে পারবেন, কিন্তু কোনো সময় চালক যদি ঘুমিয়েও পড়েন তাহলে গাড়িটি নিজেই নিরাপদে বাড়ি পৌঁছে দিবে এর চালক ও যাত্রীদের। এছাড়া চালক নিজেই যতি কোনো গাছে ধাক্কা দিতে যায় বা খাদ থেকে গড়িয়ে পড়ার চেষ্টা করে তাহলে গাড়িটি তাকে বাঁধা দেবে।’
প্রতিষ্ঠানটি আরো জানায়, ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সুইডেনে তাদের প্রতিষ্ঠানের বিস্তারসহ বিভিন্ন প্রকল্পে প্রতিষ্ঠানটির বিনিয়োগের পরিমাণ ১১০ কোটি মার্কিন ডলার। তবে স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রকল্পে বিনিয়োগের পরিমাণ পৃথকভাবে জানানো হয়নি।
সুইডেনের ভলভো গ্র“পের মালিকানায় থাকা এ প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে কিনে নেয় মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। ২০১০ সালে চীনের গিলি গ্র“প কিনে নেয় এটি।
এর আগেই ২০১০ সাল থেকেই মার্কিন ইন্টারনেট কোম্পানি গুগল স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আসছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৫৭ ঘ.
bdnews24