২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান গোয়েন্দা প্রধানের ওপর তালেবান হামলা

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান আসাদুল্লাহ খালিদ। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

কাবুল, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার তালেবান জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান আসাদুল্লাহ খালিদ। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করে বলেছেন, “আসাদুল্লাহ খালিদই ছিলেন হামলার লক্ষ্য। এতে বেশ কয়েকজন গোয়েন্দা হতাহত হয়েছে।” কাবুলের কেন্দ্রস্থলে তায়মেনি এলাকায় ‘ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি’ (এনডিএস) এর একটি অতিথিশালায় এ বোমা বিস্ফোরণ ঘটে। এতে দেহের নীচের অংশে জখম হন খালিদ। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা বিবিসি কে একথা জানান। হামলায় আরো কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেন নি। ওদিকে, খালিদ নিরাপদে আছেন বলে জানা গেলেও তার অবস্থা কি সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পশ্চিমা এক কূটনীতিক এএফপি কে জানান, খালিদ মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে হাসপাতালে রক্ত দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এ হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছেন। ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে এ ধরনের হামলায় দেশটির নিরাপত্তা পরিস্থিতির নাজুক চিত্রটিই আবার সামনে চলে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৯ঘ.