২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১,৮৭,৫০০ ইউরোয় নিলাম নেপোলিয়নের চিঠি

ফ্রান্সের প্যারিসে নেপোলিয়ন বোনাপার্টের লেখা একটি বিরল চিঠি রোববার নিলামে প্রত্যাশার চেয়ে ১০ গুণ বেশি দামে বিক্রি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

প্যারিস, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের প্যারিসে নেপোলিয়ন বোনাপার্টের লেখা একটি বিরল চিঠি রোববার নিলামে প্রত্যাশার চেয়ে ১০ গুণ বেশি দামে বিক্রি হয়েছে। সাংকেতিক ভাষায় লেখা ওই চিঠিতে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়ার ‘ক্রেমলিন উড়িয়ে দেয়ার’ প্রত্যয় জানান। ‘নেপ’ নামে স্বাক্ষর করা ওই চিঠি ১৮১২ সালের ২০ অক্টোবর লিখেছিলেন ফরাসি এই বীর। নিলামকারী প্রতিষ্ঠান ওসেনাট অকশন হাউজ ভেবেছিল চিঠিটি ১০ থেকে ১৫ হাজার ইউরোতে বিক্রি হবে। নিলামের শেষ পর্যায়ে প্যারিস-ভিত্তিক একটি নথিপত্রের জাদুঘরের পক্ষ থেক টেলিফোনে এক ব্যক্তি ১ লাখ ৫০ হাজার ইউরো দিয়ে তা কিনতে চায়। এরপর অন্যান্য খরচসহ ১ লাখ ৮৭ হাজার ৫০০ ইউরোয় বিক্রি হয় চিঠিটি। চিঠিটি সাংকেতিক ভাষায় লেখা এবং এর শেষে স্বাক্ষর রয়েছে। সাধারণত নেপোলিয়নের চিঠিতে স্বাক্ষর পাওয়া যায় না। তাই চিঠিটির গুরুত্ব এত বেশি বলে জানিয়েছেন পান্ডুলিপি বিশেষজ্ঞ অ্যালেইন নিকোলাস। ১৮১২ সালে রাশিয়া অভিযানের শেষ সময়ে মস্কোয় বসে এ ঐতিহাসিক চিঠি লিখেছিলেন নেপোলিয়ন। রাশিয়ার বিরূদ্ধে ওই অভিযানে ৩০ হাজার ফরাসি সেনা নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৮ঘ.