ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি এবং প্রণীত সংবিধানের খসড়ার সমর্থনে রাজপথে নেমেছেন মোহাম্মদ মুরসির সমর্থকরা।
প্রেসিডেন্টে মুরসির সমর্থনে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে শনিবার কায়রো বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয়েছেন কয়েক হাজার মানুষ। এরা মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামপন্থী দলের সদস্য।
গত ২২ নভেম্বর প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করে নতুন অধ্যাদেশ জারির পর কায়রোয় মুরসির সমর্থক ও বিরোধীদের রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েকদিনের মাথায় ফের এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
এদিকে শুক্রবার মিশরের পার্লামেন্টে খসড়া সংবিধান অনুমোদিত হয়েছে। ওই খসড়াকে চূড়ান্ত সংবিধান হিসেবে গ্রহণের জন্য প্রেসিডেন্ট মুরসি এদিন গণভোটের তারিখ ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিনের সমাবেশে ওই খসড়া সংবিধানের সমর্থনে লেখা অনেক ব্যানার রয়েছে যাতে ‘ইসলাম আসছে’, ‘স্থিতিশীলতার পক্ষে’ ও ‘দুর্নীতিকে না’ প্রভৃতি লেখা রয়েছে।
অবশ্য নতুন এই সংবিধান এবং প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার রাজধানী কায়রোসহ দেশের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। কায়রোর তাহরির স্কয়ারে ‘জনগণ এই সরকারের পতন চায়’ স্লোগানে ফেটে পড়ে বিক্ষোভকারীরা।
এদিকে, গত সপ্তাহে অধ্যাদেশ জারি করে ক্ষমতা বৃদ্ধির পর থেকে দেশের জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে প্রেসিডেন্ট মুরসির মতবিরোধ চলছে।
ওই অধ্যাদেশ অনুযায়ী, বিচার বিভাগসহ কোনো কর্তৃপক্ষ মুরসির সিদ্ধান্তের বিরোধিতা করতে পারবে না এবং নতুন সংবিধান প্রণয়ন ও নতুন পার্লামেন্ট নির্বাচনের আগ পর্যন্ত তা বহাল থাকবে।
কোনো আদালত দেশের সাংবিধানিক পরিষদ ভেঙে দিতে পারবে না বলেও ওই অধ্যাদেশে বলা হয়।
অবশ্য গণভোটের মাধ্যমে নতুন সংবিধান গৃহীত হওয়ার পর এই বিশেষ ক্ষমতা প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মুরসি। আর সেজন্যই তড়িঘড়ি করে সংবিধানের খসড়া পালামেন্ট অনুমোদন দেয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৯২৮ ঘ.
bdnews24