ওয়াশিংটন, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে অন্তহীন লড়াই হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন পেন্টাগনের প্রধান আইনজীবী জেহ জনসন। ১২ বছর ধরে চলা এ লড়াই কবে শেষ হবে এ প্রশ্নও রেখেছেন তিনি।
শুক্রবার ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তবে বক্তৃতার আগেই এর একটি কপি ওয়াশিংটনে রয়টার্সের কাছে এসেছিল।
জনসন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় আইনজীবী। তার অনুমান, এমন একদিন আসবে যখন আল কায়েদা ‘কার্যকরভাবে ধ্বংস’ হয়ে যাবে, তখন য্ক্তুরাষ্ট্র এটিকে আর সশস্ত্র লড়াই বলতে পারবে না।
আল কায়েদা এবং ইয়েমেন ও অন্যান্য এলাকায় সক্রিয় এর সমর্থিত গোষ্ঠীগুলো এখনও বিপজ্জনক বলে জনসন তার বক্তব্যে কখন এ ধরনের সময় আসতে পারে সে বিষয়ে কোনো ভষিদ্ব্যবাণী করেন নি।
বিশ্বব্যাপী সক্রিয় জঙ্গিগোষ্ঠী ও এর মিত্রগোষ্ঠীগুলোর সদস্যদের অনির্দিষ্টকাল পর্যন্ত আটক রাখার জন্য আইনি সমর্থন পেতে যুক্তরাষ্ট্র সরকার এ ধরনের বিষয়গুলোকে সশস্ত্র লড়াই হিসেবে চিহ্নিত করে।
জনসনের এ মন্তব্য বিশ্বব্যাপী একটি রাজনৈতিক বিতর্ক তৈরিতে ইন্ধন যোগাতে পারে, যে বিতর্কে বাম-ডান উভয় পক্ষের রাজনীতিবিদরা জড়িয়ে পড়তে পারেন।
১১ সেপ্টেম্বরের হামলা থেকে উদ্ভূত নতুন আইনি কাঠামোর বদলে নিজের বক্তব্যকে প্রচলিত আইনি নীতির আলোকে আলোচনা করেন জনসন।
তিনি বলেন, ‘আল কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনা অভিযানের ১২ বছর চলছে, আমাদের অবশ্যই নিজেদের জিজ্ঞেস করা উচিত: কীভাবে এই লড়াই শেষ হবে?’
ওবামার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে জনসনকে নিয়োগ দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ থেকে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘পেন্টাগনের’ প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র (টুইন টাওয়ার) ধ্বংস হলে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিশ্বব্যাপী সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই ‘অন্তহীন’ লড়াই শুরু করেন।
ওই একইদিন জঙ্গি হামলায় পেন্টাগনও ক্ষতিগ্রস্ত হয়। হামলায় মোট ৩ হাজার মানুষ নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫৪ ঘ.
bdnews24