২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনগাজি হামলাভুল তথ্য দেওয়ার কথা স্বীকার করলেন সুসান রাইস

এক বিবৃতিতে রাইস বলেছেন, “গোয়েন্দা কর্মকর্তাদের আলাপ-আলোচনাসহ প্রাথমিক সিদ্ধান্তের জন্য যে সব তথ্যের ওপর নির্ভর করা হয়েছিল প্রধানত সেগুলো ভুল ছিল, আদতে বেনগাজিতে কোনো প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল হয়নি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 06:43 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার বিষয়ে ভুল তথ্য দেওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের জাতিসংঘ প্রতিনিধি সুসান রাইস। হিলারি ক্লিনটনের বিদায়ের পর রাইসের যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা আছে। বেনগাজি হামলা নিয়ে মঙ্গলবার রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে এক বৈঠকে তিনি এ স্বীকারোক্তি দেন। রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন, লিন্ডসে গ্রাহাম ও কেলি অ্যাওতির সঙ্গে রুদ্ধদ্বার ওই বৈঠকে সুসান রাইসের সঙ্গে সিআইএ’র ভারপ্রাপ্ত প্রধান মাইকেল মোরেলও ছিলেন। জনগণকে ভুল তথ্য দেওয়ার অভিযোগে রাইসকে অভিযুক্ত করেছেন রিপাবলিকানরা, কিন্তু ওই অভিযোগ অস্বীকার করে রাইস বলেছেন, এতে জনগণকে ধোঁকা দেওয়ার কোনো চেষ্টা ছিল না। কিন্তু তার প্রতিবাদ অগ্রাহ্য করেছেন রিপাবলিকান সিনেটররা। গত ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন মিশন ও সংলগ্ন সিআইএ’র দপ্তরে চালানো এক হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফর স্টিভেন্স ও অপর তিন মার্কিন নাগরিক নিহত হন। একটি বিদ্বেষমূলক ভিডিওর প্রতিবাদে স্বতঃস্ফূর্ত জনতা হামলাটি চালিয়েছে বলে মার্কিন প্রশাসন থেকে প্রথমে জানানো হয়। ওই হামলার পর থেকে পরবর্তী কয়েকদিন বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে রাইস বলতে থাকেন, ইসলাম বিরোধী চলচ্চিত্রের প্রতিবাদে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল থেকে হামলাটি চালানো হয়েছে। কিন্তু পরে গোয়েন্দা কর্মকর্তারা হামলাটির সঙ্গে আল কায়েদা সম্পর্কিতরা জড়িত থাকতে পারে বলে জানান। বৈঠকের পর ম্যাককেইন জানিয়েছেন, “বেনগাজিতে আমাদের কনস্যুলেটে হামলার বিষয়ে যে সব উত্তর আমরা পেয়েছি তা আমাদের বিভ্রান্তিতে ফেলেছে, কিছু প্রশ্নের উত্তরও ঠিকমতো পাইনি।” “এটি পরিষ্কার মার্কিন জনগণকে তিনি যে সব তথ্য দিয়েছিলেন তা ভুল ছিল। রাইস বলেছিলেন, একটি বিদ্বেষমূলক ভিডিওর প্রতিবাদে স্বতঃস্ফূর্ত জনতার প্রতিবাদ বিক্ষোভ থেকে হামলা চালানো হয়েছিল।” “কিন্তু আসলে তা ছিল না, লিবীয় ও অন্যান্য আমেরিকানদের পাঠানো বিবৃতিতে এটি পরিষ্কার, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মিছিল করতে লোকজন মর্টার ও রকেট চালিত গ্রেনেড নিয়ে আসে না,” বলেন তিনি। সিনেটর গ্রাহাম বলেছেন, রাইসের সঙ্গে বৈঠকের পর তিনি আগের চেয়েও বেশি বিভ্রান্ত বোধ করছেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, রাইসকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বানানোর চেষ্টা করলে ‘অবশ্যই’ তারা বাধা দিবেন। বৈঠকের পর এক বিবৃতিতে রাইস বলেছেন, “গোয়েন্দা কর্মকর্তাদের আলাপ-আলোচনাসহ প্রাথমিক সিদ্ধান্তের জন্য যে সব তথ্যের ওপর নির্ভর করা হয়েছিল প্রধানত সেগুলো ভুল ছিল, আদতে বেনগাজিতে কোনো প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল হয়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২৩৫ ঘ.