ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়নে দুধের দাম কমে যাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা ইউরোপীয় পার্লামেন্টে দুধ ছিটিয়ে প্রতিবাদ জানিয়েছে।
শত শত ট্রাক্টর নিয়ে হাজার হাজার কৃষক সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দুই দিনের বিক্ষোভ শুরু করেছে।
ট্রাক্টর দিয়ে রাস্তা বন্ধ হয়ে থাকায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা অফিসে যেতে বাধার মুখে পড়েন।
কৃষকরা দুধের দাম ২৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে।
আন্তর্জাতিক বাজারে দুধের চাহিদা কমে যাওয়ায় এবং প্রতিযোগিতা বাড়তে থাকায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রায়ই উৎপাদন খরচের চেয়ে কম দামে দুধ বিক্রি হচ্ছে।
বিক্ষোভের সমন্বয়কারী ইউরোপিয়ান মিল্ক বোর্ড (ইএমবি) জানিয়েছে, ছোট ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।
বোর্ড জানিয়েছে, উদাহরণ হিসাবে বেলজিয়ামে পাইকারি বাজারে এক লিটার দুধের দাম ০ দশমিক ২৬ ইউরো, কিন্তু উৎপাদন খরচ ০ দশমিক ৪০ ইউরো।
বিশ্বে সবচেয়ে বেশি দুধ উৎপন্ন হয় ইউরোপীয় ইউনিয়নে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০২ঘ.
bdnews24