ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনৈতিক উন্নয়ন আবারো মন্দাদশায় ফিরে যাওয়ার হুমকির মুখে আছে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিবর্তন এবং ইউরোজোনের ঋণসঙ্কটের কারণে বিশ্বে ফের মন্দার আশঙ্কা কাটাতে চূড়ান্ত ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে জানিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংগঠন ‘ওইসিডি’।
বিশ্বের ধনী দেশগুলোর প্রতিনিধিত্বকারী এ সংগঠনটি বিশ্বে আগামী দিনগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হওয়ার পূর্বাভাস দিয়েছে।
ওইসিডি’র আনুমানিক হিসাবে এ সংগঠনভুক্ত দেশগুলোতে আগামী বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে ১ দশমিক ৪ শতাংশ। গত মে মাসে যা ২ দশমিক ২ শতাংশ বলে অনুমান করা হচ্ছিল।
সংগঠনটি আরো বলেছে, ইউরোজোনেও মন্দা আরো বাড়বে এবং আগে যা ধারণা করা হচ্ছিল তার চেয়েও দীর্ঘসময় বিরাজ করবে এ মন্দা।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি এবং ইউরোজোনের দেশগুলোর ঋণসঙ্কটকেই বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি বলে বর্ণনা করেছে ওইসিডি।
বিশ্বের অর্থনীতি এখনো সহসাই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই বলেই মন্তব্য করেছেন ওইসিডি’র মহাসচিব আঙ্গেল গারিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৮ঘ.
bdnews24