২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে ‘বিষাক্ত সিরাপ’ সেবনে মৃত ১৩

পাকিস্তানের লাহোরে কাশির সিরাপ সেবনে কমপক্ষে ১৩ জন মারা গেছে। ওষুধটি ‘বিষাক্ত’ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের লাহোরে কাশির সিরাপ সেবনে কমপক্ষে ১৩ জন মারা গেছে। ওষুধটি ‘বিষাক্ত’ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কমপক্ষে একটি ওষুধের দোকান বন্ধ ও এর মালিককে আটক করা হয়েছে। ওই দোকানসহ আরো কয়েকটিতে এ ওষুধ পাওয়া যেত। শুক্রবার থেকে রোববারের মধ্যে মৃত্যুর ঘটনাগুলো ঘটে বলে জানায় বিবিসি। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই মাদকাসক্ত ছিল। পুলিশ জানিয়েছে, মাদকাসক্তরা নেশা করতে কাশির সিরাপ ব্যবহার করে। চিকিৎসকের পরামর্শপত্র ছাড়াই ওষুধের দোকানে এ সিরাপ বিক্রি হয়। স্থানীয় পুলিশ প্রধান আতিফ জুলফিকার জানিয়েছেন, “ মৃত কয়েক জনকে কবরস্থানে পাওয়া গেছে যেখানে বসে মাদকাসক্তরা বিভিন্ন ধরনের মাদক নিয়ে থাকে।” ৭২ ঘন্টার মধ্যে এ ব্যাপারে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষ বেশ কয়েকটি ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে ওই সিরাপগুলো জব্দ করেছে। সিরাপগুলো মেয়াদোত্তীর্ণ ছিলনা বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। একই শহরে জানুয়ারিতে হৃদরোগের দূষিত ওষুধ খেয়ে ১০০ জনের বেশি মানুষ মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১৫ঘ.