ওয়াশিংটন, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনন্দিন রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ে আগুন লেগে চার কর্মী আহত হয়েছেন।
শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ে কর্মকর্তারা।
সকাল ১১টার (বাংলাদেশ সময় রাত ১০টা) দিকে পররাষ্ট্রদপ্তরের প্রধান ভবনের আট তলার বায়ুু চলাচল ব্যবস্থায় আগুনের সূত্রপাত হয়। রক্ষণাবেক্ষণ কর্মীরা তখন বায়ু চলাচল ব্যবস্থার ইনস্যুলেটরগুলো সরিয়ে নিচ্ছিলেন।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অগ্নিনির্বাপন বিভাগের প্রধান এডওয়ার্ড মিলস জানান, অগ্নিনির্বাপন কর্মীরা আসার আগে পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মীরা ভবনে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থার সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এ সময় চারজন কর্মী অগ্নিদগ্ধ হয়ে আহত হন বলে জানিয়েছেন ওয়াশিংটন ফায়ার এন্ড ইএমএস বিভাগের মুখপাত্র লন ওয়ালস। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
অগ্নিনির্বাপন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় পররাষ্ট্রমন্ত্রণালয়ের সব কর্মী প্রধান ভবন ছেড়ে পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেন।
এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড।
তিনি বলেন, “আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক কাজকর্মের জন্য পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রধান ভবনটি আবার খুলে দেওয়া হয়।”
কি কারণে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মিলস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০২৩ ঘ.
bdnews24