২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা পাসপোর্ট মানচিত্রে হিমালয়ের বিতর্কিত এলাকা

যেসব দেশের সঙ্গে চীনের সীমানা নিয়ে বিরোধ আছে নতুন এসব পাসপোর্ট কোনো প্রতিবাদ ছাড়াই অসচেতনভাবে ওইসব দেশ অনুমোদন করলে প্রকারান্তরে তারা সীমানা সম্পর্কিত চীনা দৃষ্টিভঙ্গীকে স্বীকার করে নেবে এমনটাই ভেবে থাকতে পারে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

নয়াদিল্লি, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সীমানা নিয়ে প্রতিবেশীদেশগুলোর সঙ্গে বিরোধ আছে এমন এলাকাগুলো নিজেদের অংশ দাবি করে চীনের নতুন পাসপোর্টে মানচিত্র সংযুক্ত করা হয়েছে। এসব পাসপোর্টধারী চীনাদের আবেদনে ভারত নিজেদের মানচিত্রের ছাপ দিয়ে ভিসা মঞ্জুর করছে। বিষয়টি চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সীমানা বিরোধে নতুন মাত্রা যুক্ত করেছে। চীনের নতুন মাইক্রোচিপ প্রযুক্তির পাসপোর্টে সংযুক্ত মানচিত্রে জাপানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরোধপূর্ণ এলাকাগুলো নিজেদের এলাকা হিসেবে দেখানো হয়েছে। মানচিত্রে হিমালয় পর্বতমালার দুইটি এলাকাও যুক্ত করা হয়েছে যে এলাকাগুলোর মালিকানা ভারতও দাবি করে আসছে। যেসব দেশের সঙ্গে চীনের সীমানা নিয়ে বিরোধ আছে নতুন এসব পাসপোর্ট কোনো প্রতিবাদ ছাড়াই অসচেতনভাবে ওইসব দেশ অনুমোদন করলে প্রকারান্তরে তারা সীমানা সম্পর্কিত চীনা দৃষ্টিভঙ্গীকে স্বীকার করে নেবে এমনটাই ভেবে থাকতে পারে চীন। এর বিপরীত ব্যবস্থা হিসেবে চীনাদের ভিসা আবেদনে ভারত নিজেদের দাবীকৃত মানচিত্রের ছাপ দিয়ে ভিসা মঞ্জুর করছে। এ বিষয়ে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা বলেন, “এসব পাসপোর্টের জন্য ভারতের সঠিক মানচিত্রের ছাপাঙ্কিত সিল দিয়ে ভিসা মঞ্জুর করা হচ্ছে।” জাপান ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেকগুলো প্রতিবেশী দেশের সঙ্গেই দীর্ঘদিন ধরে চীনের সীমানা বিরোধ চলে আসছে। সম্প্র্রতি এসব প্রতিবেশীর সঙ্গে চীনের সীমানা বিরোধ নিয়ে নতুন উত্তেজনাও তৈরি হয়েছে। এরই মধ্যে এ ধরনের চীনা পাসপোর্ট প্রতিবেশীদের সঙ্গে সীমানা বিরোধ আরো উস্কে দিয়েছে। নতুন এই চীনা পাসপোর্টের প্রতিবাদ করেছে প্রতিবেশী ফিলিপাইন। ক্ষুব্ধ ফিলিপাইন অভিযোগ করেছে, নতুন চীনা পাসপোর্টে সংযুক্ত মানচিত্রে ফিলিপাইনের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৩২ ঘ.