ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ-বাহিনীর মানচিত্রে, বিশ্ব মানচিত্রে, এমনকি গুগল আর্থ এবং গুগল মানচিত্রেও চিহ্নিত আছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ। কিন্তু অস্ট্রেলিয়ার গবেষকরা বলছেন, এ দ্বীপের অস্তিত্ব নেই।
গুগলের মানচিত্রে অস্ট্রেলিয়া ও ফ্রান্স-শাসিত নিউ ক্যালেডোনিয়ার মাঝের অংশে বালুকাময় ‘স্যান্ডি আইল্যান্ড’ নামে বেশ বড় আকারের লম্বা একখন্ড দ্বীপ দেখানো হয়েছে।
কিন্তু সিডনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সে এলাকায় গিয়ে কোরাল সাগরের নীল জলরাশি ছাড়া আর কিছু দেখতে পাননি। অথচ প্রায় এক দশক ধরে কাগজে-কলমে অলীক এ দ্বীপের অস্তিত্ব দেখানো আছে।
নৌ-যাত্রা শেষে সিডনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মারিয়া সেটন বলেছেন, নাবিকদের ব্যবহৃত মানচিত্রে ওই এলাকায় সমুদ্রের গভীরতা ৪ হাজার ৬২০ ফুট দেখানো হয়েছে। তাই আমাদের প্রশ্ন ছিল এত গভীর সমুদ্রে কী করে দ্বীপ থাকতে পারে।
এ সন্দেহের ভিত্তিতেই তারা ওই অভিযানে যান বলে জানিয়েছেন সেটন। বিষয়টি খুবই অদ্ভুত মন্তব্য করে তিনি বলেন, “আমরা সত্যিই ধাঁধায় পড়ে গেছি।”
অস্ট্রেলিয়ার পত্রিকার খবওে বলা হয়েছে, ওই দ্বীপের অস্তিত্ব থাকলে এটির অবস্থান হত ফ্রান্সের জলসীমার মধ্যে। কিন্তু ফ্রান্সের সরকারি মানচিত্রে এ দ্বীপ দেখানো নেই।
অস্ট্রেলিয়ার নৌ-সীমানা নির্ধারক হাইড্রোগ্রাফিক সার্ভিস জানিয়েছে, কিছু বৈজ্ঞানিক মানচিত্র ও গুগল আর্থে মানবিক ভুলের কারণেই ওই দ্বীপের অস্তিত্ব দেখানো হয়ে থাকতে পারে; যার পুনরাবৃত্তি ঘটেছে বছরের পর বছর ধরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৩ঘ.
bdnews24