সানা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সানা বিমানবন্দরের কাছে ইয়েমেনি সামরিক বাহিনীর একটি ‘আন্তোনভ’ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছে।
বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সানা বিমানবন্দরের এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, রাজধানী সানার নিকটবর্তী হাসাবা এলাকার একটি পরিত্যক্ত বাজারের উপর বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি বলে জানান তারা।
তিনি বলেন, “বিমানটিকে একটি ফাঁকা জায়গায় নামানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা বিধ্বস্ত হয়। এতে ১০ জন ক্রুর সবাই নিহত হয়। এদের মধ্যে বিমানচালকও আছেন।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫০৬ ঘ.
bdnews24