গাজা/জেরুজালেম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইসরায়েলে পৌঁছানোর পরপরই গাজায় তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানানো হলেও তা কার্যকর হয়নি।
মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া একইদিন ফিলিস্তিনি রকেট হামলায় এক ইসরায়েলি সেনা ও এক বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছে।
এই নিয়ে ইসরায়েল-গাজা পাল্টাপাল্টি হামলায় গত সাতদিনে ১৩০ ফিলিস্তিনি ও পাঁচ ইসরায়েলি নাগরিক নিহত হল।
মঙ্গলবার রাতে ইসরায়েলি নৌবাহিনীর গানবোট থেকে গাজায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও গোলাবর্ষণ করা হয়। এছাড়া প্রতি ১০ মিনিট পর পর ইসরায়েলি ভূমি থেকে গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
মঙ্গলবার কায়রো থেকে হামাসের মুখপাত্র আয়মান তাহা জানিয়েছিলেন, মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজী হয়েছে ইসরায়েল ও হামাস। মঙ্গলবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে তিনি জানিয়েছিলেন।
তবে হামাসের মুখপাত্রের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা থেকে বিরত ছিল ইসরায়েল।
দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রচেষ্টারত মিশর ও গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস মঙ্গলবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে যখন ধরে নিয়েছে তখনই আপাত স্তিমিত হয়ে আসা আকাশ হামলা আবার শুরু করে ইসরায়েল।
গাজা থেকেও রকেট নিক্ষেপ করে এর পাল্টা জবাব দেওয়া হয়।
ততক্ষণে হিলারি ইসরায়েল অধিকৃত জেরুজালেমে পৌঁছে গেছেন। বুধবার ভোররাতে গাজায় হামলা চলার সময়ই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।
যুদ্ধবিরতির ব্যবস্থা করার লক্ষ নিয়েই হিলারি ইসরায়েল গিয়েছেন বলে গণমাধ্যমগুলোকে জানানো হলেও ততক্ষণে পরিষ্কার হয়ে যায় মঙ্গলবার মধ্যরাত থেকে কোনো যুদ্ধবিরতি হচ্ছে না। যুদ্ধবিরতি নিয়ে আরো আলোচনা, আরো বিতর্ক ও পাশাপাশি আরো সহিংসতা চলবে।
যুদ্ধরিবতি প্রস্তাবে যথাযথ সাড়া না দেওয়ায় ইসরায়েলকে অভিযুক্ত করেছে কায়রোতে যুদ্ধবিরতি আলোচনায় থাকা হামাসের কর্মকর্তারা। এক ঘোষণায় বুধবার দিন শুরু না হওয়া পর্যন্ত রকেট নিক্ষেপ বন্ধ করা হবে না বলে জানিয়েছে তারা।
ইসরায়েলি রেডিওতে দেশটির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, “শেষ মুহূর্তের আলোচনায় হামাসের সঙ্গে সমঝোতা হতে সময় লাগায় যুদ্ধবিরতি কার্যকর কিছুটা পিছিয়ে গেছে।”
মঙ্গলবার দিনে লড়াই কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও কোনো পক্ষই নিজ নিজ যুদ্ধাবস্থান ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ প্রকাশ করেনি।
যুদ্ধবিরতি নিয়ে বুধবার রাতে মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসির সঙ্গে বৈঠক করবেন হিলারি। তিনি জানিয়েছেন, “আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩১ ঘ.
bdnews24