ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্য সিরিয়ার বিরোধী জোটকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।
সিরিয়ার বিপ্লবী ও বিরোধী সেনাদের জাতীয় জোটকে দেশটির জনগণের ‘একমাত্র ন্যায়সঙ্গত প্রতিনিধি’ হিসাবে পার্লামেন্ট সদস্যদের কাছে তুলে ধরেছেন তিনি।
হেগ আরো বলেন, এখন তারাই আসাদ সরকারের ‘গ্রহণযোগ্য’ বিকল্প। বিবিসি এ খবর জানিয়েছে।
সিরিয়া সঙ্কটের কূটনৈতিক সমাধান না পাওয়া গেলে যুক্তরাজ্য সিরিয়ার জনগণকে রক্ষায় আন্তর্জাতিক আইনানুযায়ী কোনোরকম ব্যবস্থা নেয়ার সম্ভাবনা নাকচ করছে না বলেও এমপি দের জানান হেগ।
যুক্তরাজ্যের ধারণা, ১৮ মাস ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ মারা গেছে।
সিরিয়ায় আসাদ সরকারের পতনের লক্ষ্যে এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য ১১ নভেম্বর নতুন জোট গঠন করে দেশটির বিরোধী পক্ষগুলো।
পার্লামেন্টে এক বিবৃতিতে হেগ জানিয়েছেন, সিরিয়ার বিরোধী জোটকে যুক্তরাজ্যে তাদের একজন প্রতিনিধি নিয়োগের আহ্বান জানানো হবে।
এছাড়া, যোগযোগ রক্ষা ও গণমাধ্যম কার্যক্রম শুরুর লক্ষ্যে যুক্তরাজ্য তাদেরকে ১৬ লাখ পাউন্ড দেবে বলেও জানান তিনি।
ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করে তাদের স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০১ঘ.
bdnews24