বৈরুত, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কে তথ্য মন্ত্রণালয় ভবনে মর্টার হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এতে ভবনটির ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে দুইটি মর্টারের গোলা ভবনটিতে আঘাত হানে।
হামলার জন্য “সন্ত্রাসীদের” দায়ী করেছে সিরিয়া টিভি।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ‘সন্ত্রাসী’ বলতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে গত ২০ মাস ধরে সংগ্রাম করে যাওয়া বিদ্রোহীদের বুঝিয়ে থাকে।
গত ২০ মাস ধরে চলা এই আন্দোলন-বিদ্রোহে এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক সরকার বিরোধী মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.
bdnews24