কায়রো, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের হামলার মুখে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে মঙ্গলবার গাজা সফরে যাচ্ছেন আরব লিগের প্রধানসহ আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
আরব লিগের প্রধান নাবিল এলারাবির নেতৃত্বে এ সফর হবে বলে রোববার জানিয়েছেন সংস্থাটির একজন প্রতিনিধি।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনা করে এলারাবি সফরের দিনক্ষণ ঠিক করেছেন বলে জানিয়েছেন তিনি। তার সঙ্গে কোন কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যাবেন তা পরে ঘোষণা করা হবে।
শনিবার কায়রোয় একটি জরুরি বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি বাস্তবায়নে মিশরের প্রচেষ্টায় সমর্থন জানান আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা।
গাজা সফরের জন্য ওই জরুরি বৈঠক আয়োজন করা হয়।
বুধবার গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখার প্রধান নিহত হওয়ার পর থেকে ইসরায়েল-গাজা পাল্টাপাল্টি হামলা শুরু চলছে।
ইসরায়েলি হামলার জবাবে দেশটির ভূখণ্ডে রকেট হামলা চালায় গাজার ক্ষমতাসীন ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠি।
এর পাল্টা ব্যবস্থা হিসেবে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। শনিবার ভোরে গাজার বিভিন্ন সরকারি ভবনসহ হামাসের সদর দপ্তরেও হামলা চালায় ইসরায়েল।
হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টারত মিশরীয় কর্মকর্তাদের প্রচেষ্টার সূত্রে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি জানিয়েছেন, “শিগগিরই একটি যুদ্ধবিরতির সম্ভবনার ইঙ্গিত আছে, তবে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।”
ইসরায়েল-গাজার এই পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার আগে বিদ্যমান শেষ যুদ্ধবিরতিটির মধ্যস্থতা করেছিল মিশর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৬ঘ.
bdnews24