২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-গাজা লড়াই বন্ধের আহ্বান জাতিসংঘের

ইসরায়েল ও গাজার পাল্টাপাল্টি হামলা বন্ধে আশু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 08:12 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

গাজা/জেরুজালেম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল ও গাজার পাল্টাপাল্টি হামলা বন্ধে আশু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। রোববার এক বিবৃতিতে ইসরায়েল-গাজা লড়াই বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন মিশরের কূটনৈতিক তৎপরতার প্রতিও জোর সমর্থন জানান। এই তৎপরতায় যুক্ত হতে তিনি কায়রো যাবেন বলেও জানিয়েছেন। রোববার ইসরায়েলি হামলায় গাজার এক পরিবারের ১০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ায় তিনি গভীর মর্মাহত হয়েছেন বলে বিবৃতিতে জানান। এছাড়া গাজা থেকে নিক্ষিপ্ত রকেট হামলায় কয়েকজন ইসরায়েলি নিহত হওয়ায়ও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইসরায়েল ও গাজার মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা চালাচ্ছে মিশর। রোববার দেশটির রাজধানী কায়রোতে লড়াইরত দুইপক্ষের প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন মিশরীয় কর্মকর্তারা। এই যুদ্ধ বন্ধে জাতিসংঘ ও মিশরের পাশাপাশি জোর কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়। রোববার ইসরায়েলি হামলায় চার শিশুসহ ১১ বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়। সোমবার ভোররাতে ষষ্ঠ দিনের মতো গাজায় আকাশ হামলা চালায় ইসরায়েল। গাজা শহরের জেইতুন আবাসিক এলাকার একটি বাড়িতে চালানো ওই হামলায় দুই শিশুসহ তিনজন নিহত ও ৩০ জন আহত হয়। তবে ইসরায়েলি সরকারি কর্মকর্তারা এই যুদ্ধবিরতি বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ইসরায়েলি গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি একটি প্রতিনিধি দল এখন কায়রো আছে। যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে মিশরের প্রেসিডেন্ট মোহমেদ মুরসি গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাসের অন্যতম নেতা খালেদ মিশাল ও ইসলামিক জিহাদের নেতা রামাদন শাল্লাহ’র সঙ্গে বৈঠক করেছেন। অবশ্য এ বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়নি। মিশালের ঘনিষ্ঠ সহযোগী ইজ্জাত রিশেক ফেইসবুকে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, “ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে, বিশেষ ব্যক্তিদের হত্যা বন্ধ করলে ও গাজা ভূখণ্ডের চারপাশে আরোপিত অবরোধ তুলে নিলেই শুধু হামাস যুদ্ধবিরতিতে রাজি হবে।” বিপরীতে ইসরায়েলের পক্ষ থেকে উপপ্রধানমন্ত্রী মোশে ইয়ালন ট্যুইটারে জানিয়েছেন, “ইসরায়েলি নাগরিকদের ওপর কোনো রকেট ও ক্ষেপণাস্ত্র ছোঁড়া না হলে, গাজা থেকে পরিকল্পিত কোনো সন্ত্রাসী হামলা চালানো না হলে ইসরায়েলও হামলা চালাবে না।” শনিবার কায়রোয় আরব লিগের একটি জরুরি বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে মিশরের প্রচেষ্টায় সমর্থন জানান আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলের হামলার মুখে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে মঙ্গলবার গাজা সফরে যাচ্ছেন আরব লিগের প্রধান নাবিল এলারাবিসহ আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এমন যুক্তিতে গাজায় ইসরায়েলি হামলাকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো। কিন্তু চলমান সহিংসতা বন্ধে উদ্যোগ নিতে এসব দেশের ভিতরেই ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছে। বুধবার ইসরায়েলি হামলা শুরুর পর থেকে সোমবার সকাল পর্যন্ত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের ২৩ জনই শিশু, এছাড়া নিহতদের মধ্যে কয়েকজন নারীও রয়েছে। হামলায় আহতের সংখ্যা কয়েকশত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০০ ঘ.