২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি বাদশাহর অস্ত্রোপচার সফল

সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদের দুর্বল লিগামেন্টে অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 11:11 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

রিয়াদ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদের দুর্বল লিগামেন্টে অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। রোববার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা এসপিএ। বিবৃতিতে বলা হয়, ‘দুই পবিত্র মসজিদের প্রধান খাদেম, বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদ রিয়াদের ন্যাশনাল গার্ডের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার পিঠের উপরের দিকের দুর্বল লিগামেন্ট ঠিক করা হয়েছে। রোববার ভোররাত ৩টা ১৫ মিনিটে অস্ত্রোপচার শেষ হয়।’ শুক্রবার অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের দুর্বল লিগামেন্ট ঠিক করার জন্য রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হন বাদশাহ আবদুল্লাহ। বর্তমানে ৮৮ বছর বয়সী বাদশা আবদুল্লাহ গত বছর অক্টোবরে অপর একটি দুর্বল লিগামেন্টের অস্ত্রোপচার করিয়েছিলেন। এর আগে ২০১০ সালে যুক্তরাষ্ট্রে মেরুদ-ের ব্যথার জন্য দুইবার অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। তখন অস্ত্রোপচার পরবর্তী বিশ্রামের জন্য তিন মাস তিনি দেশের বাইরে ছিলেন। তার অনুপস্থিতিতে যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ তার ডেপুটি হিসেবে সাধারণত রাষ্ট্রীয় সব দায়িত্ব পালন করে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭০০ঘ.