গাজা/জেরুজালেম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্থল অভিযানের জন্য সেনাবাহিনীর প্রস্তুতির পাশাপাশি গাজা ভূখণ্ডে পঞ্চম দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এরই মধ্যে সাময়িক যুদ্ধবিরতির সম্ভবনার কথা জানিয়েছে মিশর।
রোববার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
নিহতদের অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। এদের মধ্যে ১২ জন শিশু রয়েছে বলেও জানিয়েছেন তারা।
বুধবার গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখার প্রধান নিহত হওয়ার পর থেকে ইসরায়েল-গাজা পাল্টাপাল্টি হামলা শুরু হয়। ইসরায়েলি হামলার জবাবে দেশটির ভূখণ্ডে রকেট হামলা চালায় গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠি।
এর পাল্টা ব্যবস্থা হিসেবে গাজায় ব্যাপক আকাশ হামলা শুরু করে ইসরায়েল। শনিবার ভোরে গাজার বিভিন্ন সরকারী ভবনসহ হামাসের সদর দপ্তরেও হামলা চালায় ইসরায়েল।
বুধবার থেকে রোববার সকাল পর্যন্ত গাজা থেকে নিক্ষিপ্ত ৫শ’রও বেশি রকেট ইসরায়েলে আঘাত করেছে বলে দাবী করেছে দেশটি। এতে তিনজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে তারা।
আর বুধবার থেকে গাজার বিভিন্ন লক্ষ্যস্থলে ৯৫০টি আকাশ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। লক্ষ্যস্থলগুলোর মধ্যে গাজার অস্ত্রাগার, সামরিক স্থাপনা ও দপ্তর অন্তর্ভূক্ত।
রোববার ভোররাতে গাজা শহরে স্থানীয় আরব গণমাধ্যম আল কুদস টেলিভিশনে দপ্তরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত করে। এতে তিনজন সাংবাদিক আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এই গণমাধ্যমটিকে হামাসের পক্ষের বলে মনে করে ইসরায়েল।
এছাড়া ভোররাতের ওই হামলায় গাজার জেবালি শরণার্থি শিবিরের একটি শিশু নিহত ও অপর ১২ জন আহত হন বলে মেডিক্যাল সূত্রগুলো জানিয়েছে।
আকাশ হামলা চালানোর পাশাপাশি ট্যাংক ও কামান নিয়ে গাজা সীমান্তে অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবেই সীমান্তে সেনা সমাবেশ ঘটানো হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি বাহিনী।
১৬ হাজার রির্জার্ভ সেনাকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়ার পর শুক্রবার আরো ৭৫ হাজার রিজার্ভ সেনাকে গাজায় যাওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি মন্ত্রীসভা।
স্থল অভিযানের বিষয়ে জিজ্ঞেস কর হলে গাজা অভিযানে ইসরায়েলি বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টাল রুশো বলেন, “অবশ্যই আমাদের একটি পরিকল্পনা আছে, তবে এতে সময় লাগবে। আমাদের ধৈর্য্য ধরতে হবে। একদুইদিনে এটি হচ্ছে না।
এদিকে গাজা-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বেসামরিক নাগরিকরা নিহত ও ক্ষতিগ্রস্থ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেডক্রস।
ওদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টারত মিশরীয় কর্মকর্তাদের প্রচেষ্টার সূত্রে দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুরসি জানিয়েছেন, “শিগগিরই একটি যুদ্ধবিরতির সম্ভবনার ইঙ্গিত আছে, তবে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।”
ইসরায়েল-গাজার এই পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার আগে বিদ্যমান শেষ যুদ্ধবিরতিটির মধ্যস্থতা করেছিল মিশর।
ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন, সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে কায়রোতে দুইপক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে এখনও এ বিষয়ে নির্দিষ্ট করে বলার মতো কিছু হয়নি জানিয়ে তিনি বলেন, “আশা আছে”।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪৪২ ঘ.
bdnews24