দুবাই, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউইয়র্কে জাতিসংঘের একটি বৈঠকে যোগ দিতে ইচ্ছুক ইরানি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র প্রবেশের অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেছে ইরান।
শনিবার এ খবর জানিয়েছে ইরানি রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা আইআরএনএ।
ইরানের বিচার বিভাগীয় মানবাধিকার বিষয়ক সদর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, নিউইয়র্কে জাতিসংঘের সামাজিক ইস্যু ও মানবাধিকার বিষয়ক তৃতীয় কমিটির এক বৈঠকে যোগ দিতে ইরানি একটি প্রতিনিধি দল যেতে চাইলে তাদের ভিসা দিতে অস্বীকার করে যুক্তরাষ্ট্র।
ওই বিবৃতিতে বলা হয়, “প্রতিনিধি দলের সদস্যদের ভিসা না দিয়ে জাতিসংঘের বৈঠকে ইরানি প্রতিনিধিদের উপস্থিতি রোধ করতে চায় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে জাতিসংঘের সঙ্গে ইরানি প্রতিনিধিদের যোগাযোগ ও সহযোগিতার সদিচ্ছায় বাধা সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র।”
ইরানি বিচার বিভাগীয় ওই সংস্থাটি বলেছে, জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রে অবস্থিত হওয়ায় এসব বিষয়ে ভিসা দেওয়ায় যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা আছে। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে এ সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তবে কতোজন ইরানি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের কাছে ভিসার জন্য আবেদন করেছিলেন আর কবে তারা সেখানে যেতে চান এ বিষয়ে আইআরএনএ’র সংবাদে কিছু জনানো হয়নি।
ইরানের সুইস দূতাবাস দেশটিতে যুক্তরাষ্ট্রের ভিসাসংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সুইস দূতাবাসের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জানিয়েছে, ভিসাসংক্রান্ত বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না।
জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত হওয়ায় বিশ্বসংস্থাটিতে আসা যে কোনো দেশের যে কোনো প্রতিনিধিকে ভিসা দিতে হবে, যুক্তরাষ্ট্র সঙ্গে জাতিসংঘের এমন একটি চুক্তি রয়েছে ।
তবু ইরানি নাগরিকদের ভিসা প্রায়ই আটকে দেয় যুক্তরাষ্ট্র। ১৯৭৯ সাল থেকে ইরানের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই দেশটির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৩২২ ঘ.
bdnews24