বেইজিং, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বেচ্ছায় দল ও সেনাবাহিনীর সর্বোচ্চ পদ থেকে সরে যাওয়ায় চীনের বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাওয়ের প্রতি সপ্রশংস শ্রদ্ধা প্রকাশ করেছেন আগামী প্রেসিডেন্ট শি জিনপিঙ। পাশাপাশি হু সূচিত আধুনিকায়নের ধারা বজায় রাখারও প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা শিনহুয়া।
শনিবার চীনের প্রভাবশালী কেন্দ্রিয় সেনা কমিশনের এক বৈঠকে বিদায়ী পার্টি চেয়ারম্যান ও দেশের প্রেসিডেন্টের প্রতি এ মনোভাব ব্যক্ত করেছেন তিনি।
আসছে মার্চের পার্লামেন্ট অধিবেশন পর্যন্ত চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন হু। সদ্য সমাপ্ত কংগ্রেসে চীনা কম্যুনিস্ট পার্টির নতুন নেতৃত্ব মনোনীত হওয়ার পর কম্যুনিস্ট পার্টির প্রধানের পদ থেকে গত বৃহস্পতিবার স্বেচ্ছায় সরে দাঁড়ান তিনি।
তারপরও চীনের প্রভাবশালী কেন্দ্রিয় সেনা কমিশনের প্রধানের পদ হু আকড়ে থাকবেন কিনা এ নিয়ে প্রশ্ন ছিল। এই পদটি ধরে রাখার মাধ্যমে কম্যুনিস্ট পার্টি ও সেনাবাহিনীর সব ক্ষমতা ভাইস প্রেসিডেন্ট শি এর হাতে যাওয়া ঠেকিয়ে রাখতে পারতেন তিনি।
হু পার্টি প্রধান ও প্রেসিডেন্ট হওয়ার পরও পূর্বসুরী জিয়াং জেমিন দুই বছর কেন্দ্রিয় সেনা কমিশনের চেয়ারম্যানের পদ ধরে রেখেছিলেন।
হু’র পদক্ষেপের প্রশংসা করে শি বলেন, “দলের সাধারণ সম্পাদকের পদ ও সেনা কমিশনের চেয়ারম্যানের পদ স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়ে চেয়ারম্যান হু, দেশ, পার্টি ও সেনাবাহিনীর উন্নয়নে সর্বোচ্চ বিবেচনার পরিচয় দিয়েছেন।”
“১৮তম পার্টি কংগ্রেসের সব প্রতিনিধিরা চেয়ারম্যান হু’র এই সদিচ্ছার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছে ও তার অনুরোধের সঙ্গে সহমত হয়েছে,” বলেন তিনি।
“চেয়ারম্যান হু’র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে দেশ, পার্টি ও সেনাবাহিনীর প্রতি গভীর বিবেচনা বোধ প্রকাশ পেয়েছে, এর মাধ্যমে একজন মার্কসবাদী রাষ্ট্রনেতা ও কৌশলি হিসেবে তার দূরদর্শীতাও প্রকাশ পেয়েছে, এটি তার বড় মন ও মহৎ চরিত্রের প্রকাশ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১৩৩ ঘ.
bdnews24