গাজা/জেরুজালেম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ঐতিহাসিক জেরুজালেম শহরে ফিলিস্তিনি রকেট হামলার প্রতিক্রিয়ায় সম্ভাব্য গাজা ভূখণ্ড দখলের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল।
এ লক্ষ্যে শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভা ৭৫ হাজার রিজার্ভ সেনাকে সক্রিয় করার নির্দেশ দিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় স্থল অভিযানের নির্দেশ দিতে পারেন বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এছাড়া ইসরায়েলের রাজধানী তেল আবিবেও দ্বিতীয় দিনের মতো রকেট হামলা চালিয়েছে হামাস।
গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস জেরুজালেম ও তেল আবিবে রকেট হামলার দায়িত্ব স্বীকার করেছে।
ইসরায়েল জানিয়েছে, জেরুজালেমের উদ্দেশে ছোঁড়া রকেটটি দখলকৃত পশ্চিমতীরে বিস্ফোরিত হয়েছে আর তেল আবিবেরটি শহরে আঘাত হানতে পারেনি।
এসব হামলায় কেউ হতাহত হয়েছে বলেও কোনোও খবর পাওয়া যায়নি।
কয়েক বছর ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চালানো হামাসের রকেট হামলা বন্ধ করার ঘোষণা দিয়ে বুধবার থেকে গাজায় আকাশ হামলা শুরু করে ইসরায়েল। হামলা প্রতিরোধে ২০ বছর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ করে দুইটি রকেট হামলা চালায় হামাস।
তবে রকেট দু’টির একটি ভূমধ্যসাগরে ও অপরটি বিরান এলাকায় পড়ায় কেউ হতাহত হয়নি।
রকেট হামলার সময় বেজে ওঠা সাইরেনের শব্দে অনেক ইসরায়েলি শঙ্কিত হয়ে পড়ে। ইহুদি, মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র শহর জেরুজালেমে শেষ ফিলিস্তিনি রকেট হামলা হয়েছিল ১৯৭০ সালে।
সেনা অভিযান বিস্তৃত করতে তেল আবিবে জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে টানা চারঘণ্টা বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা এসময় টেলিফোনে সেনাপ্রস্তুতি তদারক করেছেন।
ইসরায়েলের রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গাজায় হামলার জন্য রিজার্ভ সেনার কোটা দ্বিগুণ করে ৭৫ হাজার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা, তবে এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে এদের সবাইকে চাকুরিতে ফিরিয়ে আনা হবে।
এর কয়েক ঘণ্টা আগে মিশরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল গাজা সফর করেন। এ সময় তিনি জানান, হামাস ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য কায়রো প্রস্তুত।
এছাড়া গাজায় হামলাকে ইসরায়েলি আগ্রাসন হিসেবে অভিহিত করে এর নিন্দা জানান তিনি।
হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মিসরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসির সঙ্গে কথা বলেছেন।
গাজার সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি আকাশ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে ১৩ জন ফিলিস্তিনি যোদ্ধা ও ১৬ জন বেসামরিক নাগরিক।
বৃহস্পতিবার হামাসের অন্য একটি রকেট হামলায় তিন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়।
ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার গাজা থেকে নিক্ষিপ্ত ৯৭টি রকেট ইসরায়েলের মাটিতে আঘাত হেনেছে এবং অপর ৯৯টি রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে।
একইদিন গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনসহ কয়েক ডজন লক্ষ্যে বোমাবর্ষণ করেছে ইসরায়েল।
ইসরায়েল থেকে গাজায় প্রবেশ করা একটি মহাসড়ক ও গাজা চারদিকে ঘিরে থাকা দুটি রাস্তায় গাজার বেসামরিক নাগরিকদের চলাচলে বিধিনিষেধ আরোপ করে একটি ঘোষণা জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৫৭ ঘ.
bdnews24