আম্মান, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্ডানে বাদশাহ আবদুল্লাহর পদত্যাগের দাবিতে রাজধানী আম্মানে শুক্রবার বিক্ষোভ করেছে প্রায় ২ হাজার মানুষ।
জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা এদিন তৃতীয়দিনের মতো বিক্ষোভ করে। প্রধান হুসেইন মসজিদ চত্বরের কাছে পুলিশের কড়া পাহারার মধ্যে বিক্ষোভকারীরা ‘আবদুল্লাহ নিপাত যাক’ স্লোগান দেয়।
তারা সরকারেরও পতন দাবি করে। আরব বসন্তের দেশগুলোতে গণআন্দোলনের মতো একইধরনের স্লোগান দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে জনতা। আরব বসন্তের ওই গণজোয়ারে মধ্যপ্রাচ্যসহ তিউনিসিয়া, মিশর, লিবিয়া এবং ইয়েমেনে সরকার পতন হয়েছে।
জর্ডানে জ্বালানির মূল্য বৃদ্ধিকে লজ্জাজনক আখ্যা দিয়ে বাদশাহ আবদুল্লাহর পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছে জনগণ।
জর্ডানের সবচেয়ে বড় বিরোধীদল মুসলিম ব্রাদারহুড লোকজনকে রাস্তায় বিক্ষোভে নামার আহ্বান জানায়। তবে দলের শীর্ষ কর্মকর্তারা এ বিক্ষোভ সমাবেশে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭৫৬ঘ.
bdnews24