২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরে দাঁড়ালেন বিবিসি’র বার্তা প্রধান

বিবিসিতে আমূল রদবদলের জন্য চেয়ারম্যান লর্ড পাটেনের আহ্বানের পর সোমবার সরে দাঁড়িয়েছেন বিবিসি’র বার্তা প্রধান হেলেন বোডেন ও তার সহকারী স্টিভ মিশেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

লন্ডন, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিবিসিতে আমূল রদবদলের জন্য চেয়ারম্যান লর্ড পাটেনের আহ্বানের পর সোমবার সরে দাঁড়িয়েছেন বিবিসি’র বার্তা প্রধান হেলেন বোডেন ও তার সহকারী স্টিভ মিশেল। শনিবার বিবিসি’র মহাপরিচালক ও প্রধান সম্পাদক জর্জ এনটুইসল পদত্যাগের দুদিন পর সরে দাঁড়ালেন সংবাদমাধ্যমটির এই দুই শীর্ষ কর্মকর্তা। বিবিসি’র প্রেস অফিস এখনো হেলেন বোডেন এবং স্টিভ মিশেলের সরে দাঁড়ানোর খবরটি নিশ্চিত করেনি। তবে দিনশেষে তাদের পদত্যাগের ঘোষণা আসবে বলে জানানো হয়েছে বিবিসি’র সংবাদ ওয়েবসাইটে। গত সপ্তাহে নিউজনাইট অনুষ্ঠানে ব্রিটেনের টোরি দলের সাবেক নেতা লর্ড ম্যাকআলপাইনকে ‘ভুল করে’ শিশু যৌন হয়রানির ঘটনায় জড়িয়ে নতুন সমালোচনার জন্ম দেয় যুক্তরাজ্যের এ সংবাদ মাধ্যমটি। ওই ঘটনার জন্য বিবিসি’র মহাপরিচালক ও প্রধান সম্পাদক জর্জ এনটুইসল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু নিজের প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যেই প্রশ্নের মুখে পড়ে শনিবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। এনটুইসল বলেন, নিউজনাইটে সাংবাদিকতার যে মান দেখানো হয়েছে তাতে ৯০ বছর ধরে বিবিসির প্রতি গড়ে ওঠা দর্শক শ্রোতাদের আস্থা টলে গেছে। তবে তিনি বিশ্বাস করেন, বিবিসি কর্পোরেশন এখনো অনেক উঁচু মানের সৎ মানুষ রয়েছেন। “বিবিসির মহাপরিচালক ও প্রধান সম্পাদক হিসাবে স¤প্রচারিত সব অনুষ্ঠানের দায়িত্বই শেষ পর্যন্ত আমার ওপর বর্তায়। এই মুহূর্তে সরে দাঁড়ানোই আমার পক্ষে সবচেয়ে সম্মানজনক বলে আমি মনে করছি।” পদত্যাগের পর বিবিসির নিউ ব্রডকাস্টিং হাউসের বাইরে দাঁড়িয়ে এই বিবৃতি দেন এনটুইসেল। এরপরপই বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান লর্ড পাটেন বলেন, প্রতিষ্ঠানটিকে পুরোপুরি গুণগত ও কাঠামোগতভাবে ঢেলে সাজাতে হবে, নয়ত এর ভবিষ্যৎ নিয়ে সংশয় থেকে যাবে। এ রদবদলের স্বার্থেই বিবিসি’র বার্তা প্রধান ও তার সহকারীর এই সরে দাঁড়ানো। বিবিসি’র খবরে বলা হয়েছে, অভ্যন্তরীণ রদবদলের স্বার্থে ওই দুইজনকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়। ‘সম্পাদকীয় পরিষদে কর্তৃত্বের ধারাবাহিকতায় স্বচ্ছতা আনতে’ একটি একক ব্যবস্থাপনা পুনঃপ্রতিষ্ঠাই এর লক্ষ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১৯ঘ.