২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢেলে সাজাতে হবে বিবিসিকে’

নয়ত এর ভবিষ্যৎ নিয়ে সংশয় থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান লর্ড পাটেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

লন্ডন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিবিসি’র মহাপরিচালক ও প্রধান সম্পাদকের পদত্যাগের পর প্রতিষ্ঠানটিকে পুরোপুরি, গুণগত ও কাঠামোগতভাবে ঢেলে সাজাতে হবে। নয়ত এর ভবিষ্যৎ নিয়ে সংশয় থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান লর্ড পাটেন। বিবিসি’র মহাপরিচালক ও প্রধান সম্পাদকের পদত্যাগের পর পাটেন এ মন্তব্য করলেন। গত সপ্তাহে নিউজনাইট অনুষ্ঠানে ব্রিটেনের টোরি দলের সাবেক নেতা লর্ড ম্যাকআলপাইনকে ‘ভুল করে’ শিশু যৌন হয়রানির ঘটনায় জড়িয়ে নতুন সমালোচনার জন্ম দেয় যুক্তরাজ্যের এ সংবাদ মাধ্যমটি। ওই ঘটনার জন্য মহাপরিচালক ও প্রধান সম্পাদক জর্জ এনটুইসল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু নিজের প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যেই প্রশ্নের মুখে পড়ে শনিবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ ঘটনার জেরে বিবিসি’র আমূল কাঠামোগত রদবদল প্রয়োজন বলে জানান পাটেন। ঘটনাটির জন্য বিবিসি’র কাঠামোগত ব্যবস্থাপনায় জটিলতা আংশিক দায়ী বলে যারা সমালোচনা করেছেন পাটেনও তাদের সঙ্গে একমত প্রকাশ করেন। বিবিসি’র বিশিষ্ট সাংবাদিক জেরেমি পাক্সম্যান সম্প্রতি সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনায় জটিলতার কথা বলেছিলেন। বিবিসি প্রোগ্রামের বাজেট কাটছাঁট করার কথাও বলেছিলেন তিনি। কাপুরুষ আর অদক্ষদের কারণেই এনটুইসেলকে এ ভাগ্য বরণ করতে হয়েছে বলে সমালোচনা করেন তিনি। জেরেমির সঙ্গে একমত পোষণ করে পাটেনও নিউজনাইট সাংবাদিকতাকে বেখেয়ালীপনার অভিযোগে সমালোচনা করে এর পরিবর্তন দরকার বলে মন্তব্য করেন। এনটুইসেলের পদত্যাগ সম্পর্কে পাটেন বলেন, “তিনি একটি অনেক বড় বার্তা প্রতিষ্ঠানের প্রধান সম্পাদক হিসাবে ওই ঘটনার দায় নেয়া উচিত মনে করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ মুহূর্তে সেটাই তার জন্য সম্মানজনক। তবে এ পুরো ঘটনাটিই হলো বাজে সাংবাদিকতার ফল।” এনটুইসেল একজন সফল সম্পাদক ছিলেন বলেও প্রশংসা করেন পাটেন। কয়েক সপ্তাহের মধ্যে নতুন মহাপরিচালক মনোনীত করা হবে বলে জানান তিনি। এ ব্যাপারে পাটেন বলেন, রোববার থেকে নতুন মহাপরিচালকের বিষয়ে আলোচনা শুরু হবে। এই সময়ের মধ্যে ভারপ্রাপ্ত মহাপরিচালক টিম ডেভি পুরোপুরি সহায়তা করে যাবেন। এনটুইলস এমন এক সময়ে পদতাগ করলেন, যখন তারকা উপস্থাপক জিমি সেভিলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তৈরি করা একটি প্রতিবেদন প্রচার না করায় বিপত্তির মধ্যে রয়েছে বিবিসি। তিনি বলেন, নিউজনাইটে সাংবাদিকতার যে মান দেখানো হয়েছে তাতে ৯০ বছর ধরে বিবিসির প্রতি গড়ে ওঠা দর্শক শ্রোতাদের আস্থা টলে গেছে। তবে তিনি বিশ্বাস করেন, বিবিসি কর্পোরেশন এখনো অনেক উঁচু মানের সৎ মানুষ রয়েছেন। “বিবিসির মহাপরিচালক ও প্রধান সম্পাদক হিসাবে স¤প্রচারিত সব অনুষ্ঠানের দায়িত্বই শেষ পর্যন্ত আমার ওপর বর্তায়। এই মুহূর্তে সরে দাঁড়ানোই আমার পক্ষে সবচেয়ে সম্মানজনক বলে আমি মনে করছি।” পদত্যাগের পর বিবিসির নিউ ব্রডকাস্টিং হাউসের বাইরে দাঁড়িয়ে এই বিবৃতি দেন এনটুইসেল। বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান লর্ড প্যাটেনও এ সময় তার সঙ্গে ছিলেন। গত সেপ্টেম্বরে মার্ক টমসন বিসিসি ছেড়ে নিউ ইয়র্ক টাইমসের দায়িত্ব নেয়ার পর তার স্থলাষিক্ত হন জর্জ এনটুইসল। আর দায়িত্ব নেয়ার পরপরই লাইসেন্স ফি নিয়ে বিবিসির ইতিহাসে সবচেয়ে বড় সঙ্কটের সামাল দিতে হয় তাকে। তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন টিম ডেইভি, যিনি আগামী ডিসেম্বরে বিবিসি ওয়ার্ল্ডওয়াইডের প্রধান নির্বাহীর দায়িত্ব নিতে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৬ঘ.