২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ৬

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মান্দালয় শহরের নিকটবর্তী এলাকায় রোববার ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 06:01 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মান্দালয় শহরের নিকটবর্তী এলাকায় রোববার ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর মান্দালয়ের ৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। সকাল ৭টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছেন মান্দালয় আবহাওয়া অফিসের এক কর্মকর্তা। মান্দালয়ের নিকটবর্তী শয়িবু শহরের কাছে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল বলে জানিয়েছেন তিনি। ভূমিকম্পে ইরাবতী নদীদে নির্মাণাধীন একটি সেতু ধসে পড়ে কয়েকজন নির্মাণকর্মী নিখোঁজ হয়েছেন ভূমিকম্পের বিষয়ে এক মান্দালয়বাসীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলেও তিনি ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, “এ ধরনের ভূমিকম্পের অভিজ্ঞতা আমার ছিল না। আমি তীব্র কিছু শব্দেরও আওয়াজ পেয়েছি, ওই সময় বিদ্যুৎও চলে যায়। তবে ক্ষয়ক্ষতি কি হয়েছে এখনও কিছু বলতে পারছি না।” মিয়ানমারের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্পে শয়িবুর কাছে ইরাবতী নদীতে নির্মাণাধীন সেতু ভেঙে পড়ায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কায়ুক মায়ুঙ এলাকায় বাড়ি ধসে এক নারী মারা গেছেন ও অপর ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৮০০ ঘ.