২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগে খবর পেয়েও রাষ্ট্রদূতকে বাঁচাতে পারেনি যুক্তরাষ্ট্র

লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলা শুরুর এক ঘণ্টার মধ্যেই খবর পৌঁছে যায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, এরপরও রাষ্ট্রদূতকে বাঁচাতে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় মার্কিন কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ওয়াশিংটন, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলা শুরুর এক ঘণ্টার মধ্যেই খবর পৌঁছে যায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, এরপরও রাষ্ট্রদূতকে বাঁচাতে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় মার্কিন কর্তৃপক্ষ। শুক্রবার পেন্টাগন ও সিআইএ’র যৌথউদ্যোগে প্রকাশিত বেনগাজি কনস্যুলেটে হামলার ধারাবাহিক বিবরণে এমন তথ্যই প্রকাশ পেয়েছে। গত ১১ সেপ্টেম্বর লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রধান শহর বেনগাজির মার্কিন কনস্যুলেটে হামলা চালায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। হামলায় লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ আরো তিন কর্মকর্তা নিহত হন। ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ মুক্তি দেয়ার প্রতিবাদে এ হামলা হয়েছিল বলে প্রথমে বলা হয়। পরবর্তীতে এর সঙ্গে আল-কায়েদা নেটওয়ার্কের সংশ্লিষ্টতা ছিলো দাবি করে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা সিআইএ। শুক্রবার প্রকাশিত ঘটনাপ্রবাহের পূর্ণাঙ্গ বিবরণীতে জানানো হয়, বেনগাজিতে হামলা শুরুর ১৭ মিনিটের মধ্যে ইউরোপভিত্তিক যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড সেখানে অস্ত্রবিহীন একটি টহল ড্রোন পাঠায়, ওই ঘটনায় এটিই ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া প্রথম পদক্ষেপ। ঘটনাস্থলে পৌঁছতে ড্রোনটির এক ঘন্টারও বেশি সময় লাগে। হামলা শুরু হওয়ার ৫০ মিনিট পর ঘটনার বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার দপ্তরকে অবহিত করা হয়। এর পরপরই প্যানেট্টাকে ঘটনাটি জানানো হয়। প্যানেট্টা তখন হোয়াইট হাউজে সেনাবাহিনীর অন্যান্য শীর্ষ জেনারেলদের নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পূর্ব নির্ধারিত এক বৈঠকে ছিলেন। ওবামা ও প্যানেট্টা বৈঠকে উপস্থিত মার্কিন সেনাবাহিনী প্রধান মার্টিন ডেম্পসির সঙ্গে হামলা মোকাবেলায় কী কৌশল গ্রহণ করা যায় তা আলোচনা করেন। কিন্তু এরই মধ্যে লিবিয়ায় হামলার ৭৮ মিনিট পার হয়ে যায়। এরপর প্যানেট্টা ও ডেম্পসি হোয়াইট হাউজ থেকে পেন্টাগনে ফিরে আফ্রিকা কমান্ডের প্রধান কার্টার হ্যাম ও অন্যান্য শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে হামলা মোকাবেলার কৌশল নিয়ে ধারাবাহিক বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা দুই ঘণ্টা বৈঠক করেন তারা। লিবিয়ায় তখন মধ্যরাত পার হয়ে গেছে। পেন্টাগনে শীর্ষ কর্মকর্তারা যখন বৈঠক শুরু করেন ওই সময়েই বেনগাজিতে থাকা সিআইএ’র একটি দল কনস্যুলেটে আটকা পড়া মানুষদের কাছাকাছি একটি নিরাপদ অবস্থানে সরিয়ে নিতে শুরু করে। হামলা শুরুর দুই ঘণ্টা পরে এ অভিযানের সময় খুঁজে পাওয়া যায়নি রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসকে। পরে স্থানীয় একটি হাসপাতালে স্টিভেনসের মৃতদেহ পাওয়া যায়। হামলাকারীরা দূতাবাসে আগুন লাগিয়ে দিলে ধোঁয়ায় দম আটকে তার মৃত্যু হয়। দূতাবাস এবং এর কাছাকাছি অবস্থিত সিআইএ’র একটি কার্যালয়ে হামলার এ ঘটনায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ আরো তিনজন কর্মকর্তা নিহত হন। একজন জেষ্ঠ্য প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আমরা জানতে পারি রাষ্ট্রদূতকে পাওয়া যায়নি। তখন আমরা ভেবেছিলাম, তাকে বন্দী করা হয়েছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করি। ফলে এতে কত ঘণ্টা বা কত দিন লাগবে তা আমরা বুঝতে পারিনি ।’ তবে নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা এ অভিযোগের বিরোধিতা করে বলেন, বেনগাজিতে হামলার কথা জানতে পারার সঙ্গে সঙ্গেই এ ব্যাপারে সক্রিয় হয় নিরাপত্তা বিভাগ। তবে, দুর্ভাগ্যজনকভাবে সেসময় তাক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানোর মতো অতিরিক্ত কোনো বিমান ছিলো না। প্রেসিডেন্ট নির্বাচনের মাস দুয়েক আগে বেনগাজিতে হামলায় রাষ্ট্রদূত নিহত হওয়ায় ওবামা প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়তে হয় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/বিসিএস/১৮১৭ ঘ.