২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মালালা দিবস’ পালন করছে পাকিস্তান

তালেবান বন্দুকধারীদের গুলিতে আহত পাকিস্তানী কিশোরী মালালা ইউসুফজাই’র স্বপ্ন সফল করার উদ্দেশ্যে শনিবার জাতিসংঘ ঘোষিত ‘মালালা দিবস’ পালন করছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ইসলামাবাদ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবান বন্দুকধারীদের গুলিতে আহত পাকিস্তানী কিশোরী মালালা ইউসুফজাই’র স্বপ্ন সফল করার উদ্দেশ্যে শনিবার জাতিসংঘ ঘোষিত ‘মালালা দিবস’ পালন করছে পাকিস্তান। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন ১০ নভেম্বরকে ‘মালালা দিবস’ হিসেবে ঘোষণা করেন। তালেবান হামলায় মারাত্মক আহত নারী শিক্ষা আন্দোলনকারী ১৫ বছরের কিশোরী মালালা ইউসুফজাইকে সম্মাননা জানাতে মালালার নামে এ দিবসের ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব। দিবসটি উপলক্ষ্যে পাকিস্তানের ৩০ লাখেরও বেশি দরিদ্র শিশুর শিক্ষা ও স্কুলে যাওয়া নিশ্চিত করতে তাদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। গত ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে তালেবানি হামলায় আহত হন মালালা ও তার দুই সহপাঠি। পাকিস্তানের তালেবান অধিকৃত সোয়াত উপত্যকা এলাকায় মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল মালালা। ফলে তালেবানি হামলার লক্ষ্যে পরিণত হন তিনি। তালেবানের কাপুরুষোচিত হামলায় গুরুতর আহত মালালা বিশ্ব গণমাধ্যমের ব্যাপক মনযোগ আকর্ষণ করেন, পরিণত হন আন্তর্জাতিক ব্যক্তিত্বে। মালালার সম্মানে পাকিস্তানের যেসব দরিদ্র পরিবারের মেয়েশিশুদের স্কুলে পাঠানো হয় তাদের আর্থিক সহায়তা দেওয়ার দাবিনামায় শুক্রবার স্বাক্ষর করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছ এ দাবিনামায়। প্রাথমিক স্কুলে যায় দেশের এমন প্রতিটি দরিদ্র শিশু প্রতি মাসে ২ মার্কিন ডলার করে পাবে বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। বিশ্বব্যাংক ও যুক্তরাজ্যের অর্থায়নে পাকিস্তান সরকারের ‘বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম’র মাধ্যমে বিতরণ করা হবে এ সহায়তা। জারদারির কাছে এ দাবিনামা পেশ করার সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, পাকিস্তানের জন্য যা সর্বোত্তম, মালালার ‘স্বপ্ন’ তারই প্রতিনিধিত্ব করছে । ইতোমধ্যে নারীশিক্ষা বিস্তারে কাজ করার জন্য মালালাকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার দাবি জানিয়েছে অন্তত লাখখানেক যুক্তরাজ্য নাগরিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৫৩১ ঘ.