আঙ্কারা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সামরিক বাহিনীর দুই জেনারেলসহ ২৬ সেনা কর্মকর্তা সরকারপক্ষ ত্যাগ করে তুরস্কে আশ্রয় নিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার একথা জানিয়েছে।
স¤প্রতি কয়েক মাসে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী থেকে এটিই সবচেয়ে বেশিসংখ্যক উর্ধ্বতন সেনা কর্মকর্তার পক্ষত্যাগের ঘটনা।
এ কর্মকর্তাদের মধ্যে ২ জেনারেল, ১১ কর্নেল, ২ লেফটেন্যান্ট কর্নেল, ২ মেজর, ৪ ক্যাপ্টেন, ৫ লেফটেন্যান্ট রয়েছেন। তারা সপরিবারে বৃহস্পতিবার রাতভর সিরিয়া থেকে পালিয়ে চলে যান তুরস্কের সীমান্তবর্তী হাতায় প্রদেশে। তাদের সঙ্গে যান আরো কয়েকজন পদাতিক সেনা।
সব মিলিয়ে মোট ৭১ জন মানুষ তুরস্কে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়া।
হাতায় এর আপায়দিন আশ্রয় শিবিরে রয়েছেন তারা। আসাদের সেনাবাহিনী ছেড়ে আসা অন্যান্য কর্মকর্তারাও রয়েছেন এ শিবিরেই।
গ্রীষ্মের সময়টিতে সিরিয়ার সেনাবাহিনী থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের পক্ষত্যাগের ঘটনা ঘটছিল প্রায় প্রতিদিনই। কিন্তু এরপর থেকে পক্ষত্যাগ অনেকটা কমে এসেছিল।
সরকারপক্ষত্যাগী কর্মকর্তারাসহ সিরিয়ায় সহিংসতায় আহত অনেক সাধারণ নাগরিকও সীমান্ত পেরিয়ে দলে দলে আশ্রয় নিচ্ছে তুরস্কে। বৃহস্পতিবার রাতভর ২৩ জন আহত সিরীয় নাগরিক তুরস্কের বিজাজলান এবং কিলভেগোজু গ্রামের কাছে আশ্রয় নিয়েছে।
সিরিয়ায় সহিংসতা থেকে পালানো ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষকে সীমান্তবর্তী আশ্রয়শিবিরগুলোতে আশ্রয় দিয়েছে তুরস্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭৩০ঘ.
bdnews24