আকরা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘানার রাজধানী আকরায় একটি শপিংমলের ভবন দসে অন্তত চারজন নিহত হয়েছে। চারতলা ভবনটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেকেই।
ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা চারজনের মৃতদেহসহ ৪২ জনকে উদ্ধার করে। আটকা পড়া আরো অন্তত ১০ জনের কাছে খাবার, পানি ও অক্সিজেন সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার আকরার উপশহরে এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃতদের দ্রুত পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বেশির ভাগ মানুষ শান্ত ও সুস্থ রয়েছে এবং তারা উদ্ধারকাজে সহযোগিতা করে।
আকরার মেয়র আলফ্রেড ওকোই ভ্যান্ডারপুইয়ে জানান, ধসে পড়া ভবনটির অনুমোদন ছিলো না।
ভবনের নকশায় ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মনে করছে কর্তৃপক্ষ।
ছয় মাস আগে এ ভবনটি ভাড়া নেয় ঘানার সবচেয়ে বড় সুপারশপ চেইন মেলকম লিমিটেড।
দুর্ঘটনার ঘানার প্রেসিডেন্ট জন মাহামা আগামী ডিসেম্বরে নির্বাচনী প্রচারণার কর্মসূচী বাতিল করে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের ‘শাস্তি হবেই’ বলে প্রতিশ্রুতি দেন তিনি।
ঘানার খনিজ সম্পদের কল্যাণে সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে রাজধানী আকরায় ভবনের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তবে ভবন নির্মাণকাজে যথাযথ মান ও নিয়মনীতি মেনে চলা হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১২৫৫ ঘ.
bdnews24