ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পুুনর্নির্বাচিত হওয়ার পর বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা পুনর্নির্বাচিত হয়ে বিজয়মঞ্চে ভাষণ শেষ করার কিছুক্ষণের মধ্যেই তাকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার টুইটারে বলেন, “আমার বন্ধু বারাক ওবামাকে আন্তরিক অভিনন্দন। একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”
ওদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বলেন, “যুক্তরাষ্ট্র-ইসরায়েল কৌশলগত সম্পর্ক সুদৃঢ় রয়েছে। ইসরায়েলের জনগণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমি প্রেসিডেন্ট ওবামার সঙ্গে কাজ করে যাব।”
ওবামাকে অভিনন্দন জানিয়েছেন চীনের নেতা হু জিনতাও। তিনি বলেন, “ওবামা আবারো নির্বাচিত হওয়ায় গত চার বছরে গড়ে ওঠা চীন-যুক্তরাষ্ট্র সহযোগিতার সম্পর্ক আরো উন্নতির পথে এগুনোর সুযোগ পাবে।”
মিশরও ওবামাকে অভিনন্দন জানিয়েছে। মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মুখপাত্র এক অভিনন্দন বার্তায় বলেছেন, “সদ্য নির্বাচিত মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশরের জনগণের স্বার্থ রক্ষায় কাজ করবে বলেই আমরা আশা করি।”
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওবামাকে অভিনন্দন জানিয়েছেন।
ভোটারদের চূড়ান্ত রায়ে পরাজয় স্বীকার করে নিয়ে রিপাবলিকান প্রার্থী মিট রমনি অনেক আগেই ওবামাকে অভিনন্দন জানান। পুনর্নির্বাচিত হওয়ার পর শিকাগোতে বিজয়মঞ্চে ভাষণ দেন ওবামা।
সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্য ওহাইয়োতে জয় পেয়ে হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের বেশিরভাগই জিতে নেন ওবামা।
প্রাথমিক ফলাফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো যে পূর্বাভাস দিয়েছে, তাতে দেখা যাচ্ছে- ওবামা পেয়েছেন ৩০৩ ইলেকটোরাল ভোট। রমনি পিছিয়ে থাকছেন প্রায় ১০০ ভোটের ব্যবধানে, তিনি পেয়েছেন ২০৩ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআরবি/কিউএইচ/এলকিউ/১৫৫১ঘ.
bdnews24