২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁজাসেবন ও বেচাকেনা বৈধ করলো কলোরাডোর ভোটাররা

আনন্দের জন্য গাঁজাসেবন ও কেনাবেচা বৈধ করতে সংবিধান পরিবর্তনের পক্ষে রায় দিল যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের ভোটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ডেনভার, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আনন্দের জন্য গাঁজাসেবন ও কেনাবেচা বৈধ করতে সংবিধান পরিবর্তনের পক্ষে রায় দিল যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের ভোটাররা। ওয়াশিংটন রাজ্যেও একইভাবে গাঁজা বৈধকরণের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ মানুষ। সেখানকার নির্বাচনী ফল পুরো প্রকাশ না হলেও সিয়াটল টাইমসসহ স্থানীয় গণমাধ্যমে এ বিষয়ে ভোটারদের সমর্থন এগিয়ে থাকার কথা বলা হয়েছে। মঙ্গলবার গাঁজাকে বৈধতা দিতে কলোরাডো রাজ্যের সংবিধান সংশোধনের পক্ষে ভোট দেন ৫৩ শতাংশ জনগণ। এর বিপক্ষে ভোট পড়ে ৪৭ শতাংশ। গাঁজার বিনোদনমূলক ব্যবহার ও উৎপাদনের বৈধতার বিপক্ষে ভোট দিয়েছেন ওরেগন রাজ্যের ভোটাররা। অবশ্য গাঁজাসেবন বৈধ করার পক্ষে খুব বেশি প্রচারও চালানো হয়নি এ রাজ্যে। আরকানসাসেও গাঁজা বৈধ করার বিপক্ষে ভোট দিয়েছেন বেশিরভাগ মানুষ। কলোরাডোর প্রস্তাবিত আইন অনুসারে ২১ বছর বা তার চেয়ে বেশি বয়সী যে কেউ সাড়ে ২৮ গ্রাম পর্যন্ত গাঁজা বহন করতে পারবেন। তিন রাজ্যেই সরকারিভাবে লাইসেন্সপ্রাপ্ত দোকানে গাঁজা কেনাবেচা বৈধ করার প্রস্তাব করা হয়েছে। মূল্যে কর সংযোজনের প্রস্তাবও করা হয়েছে। কলোরাডোর আইনে সর্বোচ্চ ছয়টি গাছ লাগিয়ে গাঁজা চাষের অনুমতি দেয়া হয়েছে। তবে ওয়াশিংটনের প্রস্তাবিত আইনে ‘নিজের জন্য প্রয়োজনে নিজেই গাঁজা উৎপাদন’ বিষয়ে নিষেধাজ্ঞা থাকতে পারে বলে মনে হচ্ছে। এদিকে ম্যাসাচুসেটসসহ তিনটি রাজ্যে ভোটাররা চিকিৎসার কাজে গাঁজার ব্যবহার বৈধ করার পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন। ম্যাসাচুসেটসে গাঁজার বৈধতা সমর্থনকারীরা একে ‘দেশের নিরাপদতম গাঁজা আইন’ হিসেবে উল্লেখ করে একটি বিবৃতি প্রকাশ করেছে। বর্তমানে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ ১৭টি রাজ্যে চিকিৎসার কাজে গাঁজার ব্যবহার আইনসম্মত। তবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় আইনে গাঁজা একটি অবৈধ মাদক হিসেবে উল্লেখিত থাকায় গাঁজার বৈধতার বিষয়টি দ্বন্দ্বের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, “ব্যালট ভিত্তিক এ উদ্যোগটি পর্যালোচনা করা হচ্ছে, তবে এ মূহুর্তে এ বিষয়ে কোনো মন্তব্য নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএমটি/১৪৫৩ ঘ.