কাজী শাহরিন হক তিন্নি
ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা এশিয়ায় বারাক ওবামার পক্ষে জয়ধ্বনি হলেও তাতে সুর মেলাতে পারছেন না পাকিস্তানিরা। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে তাদের পছন্দ ছিল জর্জ ডাব্লিও বুশের দলের প্রার্থী মিট রমনিকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীকে নিয়ে ২১টি দেশে একটি জরিপ চালিয়েছিল বিবিসি, আর তাতেই রিপাবলিকান রমনির প্রতি পাকিস্তানিদের পক্ষপাত ধরা পড়ে।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে আরো চার বছর হোয়াইট হাউজে দেখতে কেন পাকিস্তানিদের এই আপত্তি, তা অবশ্য এই জরিপে উঠে আসেনি।
তবে বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানের ভূমি থেকে ড্রোন হামলায় পাকিস্তানিদের বেঘোরে মারা পড়া এর একটা কারণ হতে পারে। হতে পারে পাকিস্তানের অগোচরে সে দেশের মাটিতে অভিযান চালিয়ে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা।
আফগানিস্তানে ন্যাটো অভিযান নিয়ে পাকিস্তানে জর্জ ডাব্লিও বুশ বিরোধী জনমত দেখা গেলেও ড্রোন হামলা নিয়ে গত কয়েক বছরে পাকিস্তানে জনঅসন্তোষ তৈরি হয়েছে ওবামা প্রশাসনের বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রের দাবি, সীমান্তের দুর্গম অঞ্চলে ঘাঁটি গেঁড়ে বসা জঙ্গিদের দমনেই ড্রোন অভিযান। তবে পাকিস্তানিরা দেখছে, এই অভিযানে রেহাই পাচ্ছে না নিরীহ নাগরিকরাও।
এই ড্রোন হামলার বিরুদ্ধে গত মাসেই পাকিস্তানে রোড মার্চ করেছিলেন ইমরান খান। এরপর নিউ ইয়র্ক যাওয়ার পথে বিমানে তাকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্মকর্তারা হেনস্তা করে বলেও অভিযোগ উঠেছে।
অন্যদিকে গত বছর ইসলামাবাদের কাছের সামরিক শহর অ্যাবোটাবাদে গত বছর কমান্ডো অভিযান চালিয়ে আল কায়দার শীর্ষ নেতাকে হত্যা করে যুক্তরাষ্ট্র, যে অভিযান অনুমোদন হয় ওবামার হাত দিয়ে।
বিন লাদেন হত্যার পর ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়, তার রেশ এখনো কাটেনি।
বিবিসি জরিপ চালিয়েছিল ২১টি দেশের ২১ হাজারের বেশি মানুষের ওপর। তার মধ্যে রমনির পক্ষে একমাত্র দেশ পেয়েছে পাকিস্তান। বাকি ২০টি দেশের নাগরিকরাই যুক্তরাষ্ট্রে ক্ষমতায় দেখতে চেয়েছেন ডেমোক্রেট প্রার্থী ওবামাকে।
মঙ্গলবার প্রকাশিত এই জরিপের ফলাফলে দেখা যায়, ২১টি দেশের মধ্যে ওবামার পক্ষে সবচেয়ে বেশি সমর্থন পাওয়া গেছে ফ্রান্সে। জরিপে অংশ নেয়া ফরাসিদের ৭২ শতাংশই ওবামার পক্ষে কথা বলেছেন।
গত ৩ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চালানো এই জরিপে অংশ নেয়া ৫০ শতাংশই চেয়েছেন ওবামা পুনরায় নির্বাচিত হোক। অন্যদিকে হোয়াইট হাউসের নতুন বাসিন্দা হিসেবে রমনিকে চেয়েছেন মাত্র ৯ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৯১০ ঘ.
bdnews24