ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমগুলোর হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ধারক গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে মিট রমনির চেয়ে এগিয়ে থেকে বারাক ওবামা আবার হোয়াইট হাউজে পূনর্র্নিবাচিত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রে গণমাধ্যমগুলো ঘোষণা দিয়েছে।
বিবিসি, এনবিসি ও সিএনএন-এর ইলেকটোরাল ভোটের মানচিত্র ওবামা প্রয়োজনীয় ২৭০টি ভোট নিশ্চিত পাচ্ছেন বলে ঘোষণা করা হয়েছে।
‘ব্যাটেলগ্রাউন্ড’ হিসেবে বিবেচিত কয়েকটি রাজ্যেই রয়েছে সবার নজর। ভোটযুদ্ধে অনিশ্চয়তা এনে দেওয়া এই রাজ্যগুলো ফ্লোরিডা, ওহাইও, ভার্জিনিয়া, উইসকনসিন, কলোরাডো, নেভাডা, আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে ‘এক্সিট পোলে’ এগিয়ে ছিলেন ওবামা। এর মধ্যে কেবল নেভাডায় এগিয়ে আছে রমনির বাক্সে। বাকি সবগুলোই ওবামা পাচ্ছেন বলে আংশিক ভোট গণনার ফলাফলে দেখা গেছে।
এর মধ্যে নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিন, আইওয়া আর নিউ হ্যাম্পশায়ারে, ওহাইওতে ওবামা নিশ্চিত জিতছেন বলে গণমাধ্যমগুলোতে বলা হয়েছে। তাই বাকি রাজ্যগুলোর ফল নিয়ে আর কোনো গুরুত্ব থাকলো না।
যে প্রার্থী ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি পাবেন, শেষ বিচারে তিনিই হবেন বিজয়ী। বিবিসি, সিএনএন, সিবিএস ও এনবিসির ইলেকটোরাল ভোটের মানচিত্রে এরই মধ্যে ওবামা ২৭০ পেরিয়ে গেছেন বলে দেখানো হয়েছে।
রাজ্যগুলো থেকে গণনাকৃত ভোটের হিসেব আসার সঙ্গে সঙ্গে ইলেকটোরাল ভোটের মানচিত্র সাজিয়ে ফেলছে যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমগুলো। কোনো রাজ্যের আংশিক ভোট গণানার ফল এলেও ওবামা আর রমনির ভোটের অনুপাত দেখে রাজ্যটির ফল কার পক্ষে যাবে তা আগেভাইে বলে দিয়েছে তারা।
অনেক আগে থেকেই কিছু রাজ্য ডেমক্রেট ও আর কিছু রাজ্য রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকায় সেগুলোর ইলেকটোরাল ভোট ইতিমধ্যেই ফলাফলের খাতায় উঠিয়ে ফেলেছে গণমাধ্যমগুলো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বুথফেরত জরিপে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গিয়েছিল প্রধান দুই প্রার্থী ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধ্যে।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ হতে শুরু করেছে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা)। পশ্চিমের রাজ্যগুলোতে ভোট শেষ হতে হতে পূর্বের প্রাথমিক ফল ঘোষণাও শুরু হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১০৩৫ ঘ.
bdnews24