২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমনিকে অভিনন্দন ওবামার

নির্বাচনের দিনই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনিকে অভিনন্দন জানালেন বারাক ওবামা। একইসঙ্গে তাকে পুনর্র্নিবাচিত করতে কঠোর পরিশ্রম করায় কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 10:09 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে হোয়াইট হাউজের দখল নিয়ে কঠিন লড়াইয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার ভোটের দিনে শিকাগোতে স্থানীয় একটি প্রচারকেন্দ্রে যাত্রাবিরতি করে ওবামা স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। অবশ্য এছাড়া বাকী দিনটা তার কাটার কথা প্রথা অনুযায়ী বাস্টেকবল খেলে ও বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে। প্রচারকেন্দ্রে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যে প্রেসিডেন্ট হিসেবে নিজের আবারো নির্বাচিত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেন ওবামা। এ সময় ওবামা বলেন, “আমি গর্ভনর রমনিকে তার উদ্দীপ্ত প্রচারণার জন্য অভিনন্দন জানাই। আমি জানি তার সমর্থকরা দারুণভাবে যুক্ত থেকে উৎসাহের সঙ্গে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।” রিপাবলিকান প্রার্থী রমনি ভোটের দিনেও বিভিন্ন স্থানে গিয়ে ভোটারদের উৎসাহিত করায় ব্যস্ত থাকছেন। মঙ্গলবার সকালে রমনি বোস্টনের বেলমন্টে ভোট দেওয়ার পরপরই শেষ মুহূর্তের প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ইলেকটোরাল রাজ্য ওহাইয়ো ও পেনসেলভেনিয়ার শহর ক্লিভল্যান্ড ও পিটসবার্গের উদ্দেশে যাত্রা করেন। ওবামা বলেন, “আমরা আত্মবিশ্বাস পাচ্ছি, জয়ের জন্য আমাদের ভোট আছে। তবে ওই সমস্ত ভোট পড়বে কিনা তার ওপর নির্ভর করছে জয়। তাই আমি সমস্ত এলাকার সবাইকে বলতে চাই আপনারা মূল্যবান এই অধিকারে চর্চা করুন, যার জন্য আমাদের জন্য জনগণ কঠিন সংগ্রাম করেছে।” ওবামা প্রচারকেন্দ্র থেকে ফোন করে তার পুনর্র্নিবাচনের লক্ষ্যে কঠোর পরিশ্রমের জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমি আশা করি আমাদের সামনের রাতটা শুভ হবে। তবে যাই ঘটুক না কেন যারা আমাকে সমর্থন করেছে, আমার পক্ষে যারা কঠোর পরিশ্রম করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।” জনমত জরিপে দেখা যায়, ওবামা-রমনি লড়াই খুবই টান টান, তবে ২৭০ ইলেকটোরাল ভোট পাওয়ার ক্ষেত্রে ডেমোক্রেট এই প্রার্থী কিছুটা হলেও এগিয়ে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এএমটি/০৪০৫ ঘ.