ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে চীন এক বিরাট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই নির্বাচনে চীনারা যদি ভোট দিত তাহলে তারা কোন প্রার্থীকে বেছে নিত-ওবামা না রমনি?
এ পর্যন্ত অন্তত তিনটি জনমত জরিপে দেখা গেছে যে, চীনারা ওবামাকেই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে দেখতে চায়।লস এঞ্জেলেস টাইমস এ খবর দিয়েছে।
মঙ্গলবার গ্লোবাল টাইমস এবং সিনা ওয়েইবো-র (যা অনেকটা টুইটারেরই চীনা সংস্করণ) জরিপে দেখা গেছে, চীনারা মিট রমনির তুলনায় প্রেসিডেন্ট ওবামাকেই বেশি পছন্দ করে।
মঙ্গলবার বিকাল পর্যন্ত গ্লোবাল টাইমস এর জরিপে দেখা যাচ্ছে যে, সাড়ে চার হাজারেরও বেশি উত্তরদাতার মধ্যে ৮১ শতাংশ ওবামাকে প্রেসিডেন্ট হিসাবে চায়।
অন্যদিকে, সিনা ওয়েইবো-র জরিপে অংশ নেয়া আড়াই হাজারেরও বেশি চীনা নাগরিকের ৭৮ শতাংশ সমর্থন করছে ওবামাকে।
চীনে ইন্টারনেটভিত্তিক একাধিক জরিপে দেখা গেছে, বারাক ওবামার জনপ্রিয়তার ধারে কাছেও নেই মিট রমনি। যদিও এ দুটি জনমত সমীক্ষাকে অনেকটা অবৈজ্ঞানিক অনলাইন জরিপ হিসাবে গণ্য করা হচ্ছে।
ওদিকে, সেপ্টেম্বরের শেষদিকে এএফপি-ইপসোস এ ব্যাপারে একটি অনলাইন জরিপ চালায় যা আগের দুটির তুলনায় অনেক বেশি বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত।
ওই জরিপে দেখা যায়, ৮০০’র মতো চীনা উত্তরদাতার ৬৩ শতাংশই ওবামাকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে দেখতে চায়।
তাদের মধ্যে ৫৮ দশমিক ৩ শতাংশ মনে করে এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ওবামাই হবেন সর্বোত্তম মার্কিন প্রেসিডেন্ট।
আর ৫৬ দশমিক ৩ শতাংশ চীনা মনে করে এশিয়ার শান্তি এবং নিরাপত্তার জন্য রমনির তুলনায় ওবামা অনেক ভালো ভূমিকা রাখবেন।
অবশ্য রিপাবলিকান প্রার্থী মিট রমনি বর্ষীয়াণ চীনাদের কাছে অনেক বেশি জনপ্রিয়, বিশেষ করে চীনের অনুন্নত এলাকা ও দ্বিতীয় পর্যায়ের শহরগুলোতে।
নির্বাচনী প্রচারাভিযানের পুরোটা সময় রমনি মার্কিন ভোটারদের কাছে এ অঙ্গীকার করেছেন যে, হোয়ইট হাউজে তার প্রথম দিনটি থেকেই তিনি চীনকে ‘কারেন্সি ম্যানিপুলেটর’ হিসাবে গণ্য করবেন।
দুই প্রার্থীই বাণিজ্য এবং চাকরির দিক থেকে চীনের প্রতি কে বেশি কঠোর নীতি অবলম্বন করতে পারবে তা নিয়ে তর্কবিতর্ক করেছেন।
যদিও এএফপি-ইপসোস জরিপে দেখা যায় মাত্র ৪৩ শতাংশ চীনা উত্তর দাতা মার্কিন নির্বাচনকে ‘খুব গুরুত্বপূর্ণ’ বা ‘মোটামুটি গুরুত্বপূর্ণ’ বলে গণ্য করছে। কিন্তু সিনা ওয়েইবো তে যুক্তরাষ্ট্রের এ নির্বাচন নিয়ে উল্লেখযোগ্য সংখ্যক চীনাকে আলোচনা করতে দেখা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ সিনা ওয়েইবো-র আলোচনার বিষয়বস্তুতে ৪র্থ স্থানে ছিল। (এ প্রসঙ্গে উল্লেখ করা যায় যে, কলা কি খাদ্যের প্রধান উৎস হবে? এ বিষয়টি ছিল অষ্টম স্থানে)।
সিনা ওয়েইবো-র ‘ইটিং চিকেন নাগেটস’ নামের এক ব্যবহারকারী লিখেছেন, “আমার অফিসের সবাই কাজকর্ম প্রায় বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলছে। তারা রিগান থেকে রমনি পর্যন্ত প্রেসিডেন্টদের নিয়ে আলোচনা করছে। সবাই যেন রাজনৈতিক বিশ্লেষক বনে গেছে।”
আরেকজনের মন্তব্য ছিল: “আজ রাতে ওবামাই জিতবেন এবং পুনর্নির্বাচিত হবেন।বিশ্বের প্রেক্ষাপটে বিচার করতে গেলে ওবামা বিশ্বের জন্য ভাল কিছু করবেন। এই পৃথিবী আরেকজন বুশ জুনিয়রকে গ্রহণ করবে না! আমি বিশ্বাস করি অধিকাংশ মার্কিন নাগরিকই এ ব্যাপারে আমার সঙ্গে একমত হবেন।”
তবে রমনি যে চীনে একেবারেই সমর্থকহীন তেমনটি কিন্তু নয়। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না ইন দ্য ওয়ার্ল্ড ইকোনোমির পরিচালক লি ডাউকুই রিপাবলিকান প্রার্থীকেই সমর্থন করছেন। লি চীনের কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
যদিও লি বলেছেন ওবামা ও রমনি-এ দুই প্রার্থীর ‘চীন নীতিতে’ কোনো পার্থক্য নেই। তিনি এই আভাস দেন যে, ওবামা পুনর্নির্বাচিত হলে তাকে অনেক বাধা-প্রতিরোধের মুখোমুখি হতে হবে।
“আমি একজন আমেরিকান হলে আমি এমন কাউকে ভোট দিতাম যার নীতিমালা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য সবচেয়ে বেশি কল্যাণকর। আর সেকারণেই আমি রমনিকে সমর্থন দিচ্ছি,” তিনি তার ব্লগে একথাই লিখেছেন।
“রমনি একজন ডানপন্থি নেতা। কিন্তু কার্যত তিনি এমন অনেককিছুই করেছেন যা একজন বামপন্থি নেতার মতো। ম্যাসাচুসেটস এর গভর্নর থাককালে রমনি ছিলেন খুবই বাস্তববাদী। প্রেসিডেন্ট হিসাবে কংগ্রেসের সঙ্গে কাজ করা তার জন্য অনেকটা সহজ হবে এবং কিছু প্রয়োজনীয় সংস্কারকাজ এগিয়ে নিতে তিনি সক্ষম হবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এইচএ/২২৫০ঘ.
bdnews24