২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নজর থাকবে ৮ রাজ্যের ভোটে

অনেক রাজ্যের ভোটের ফলাফল আগেই আঁচ করা যাওয়ায় আটটি রাজ্যের ভোটই নির্ধারণ করে দেবে কে হচ্ছেন বিজয়ী- বারাক ওবামা, না কি মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক ঘণ্টা পর শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটের লড়াই। যুক্তরাষ্ট্রের নাগরিকরা আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজে কাকে পাঠাচ্ছেন, তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। কিন্তু সব রাজ্যের ওপর নয়, ‘ব্যাটেলগ্রাউন্ড’ হিসেবে বিবেচিত কয়েকটি রাজ্যেই থাকবে সবার আকর্ষণ। ঐতিহ্য রক্ষার জন্য সোমবার রাত ১২টা পেরোনোর সঙ্গে সঙ্গে নিউ হ্যাম্পশায়ারের দুটি গ্রামে ভোট নেয়া শুরু হলেও যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে মঙ্গলবার সকালে। যে প্রার্থী ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি পাবেন, শেষ বিচারে তিনিই হবেন বিজয়ী। কিন্তু অনেক আগে থেকেই কিছু রাজ্য ডেমক্রেট ও আর কিছু রাজ্য রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকায় সেগুলোর ইলেকটোরাল ভোট ইতিমধ্যেই ফলাফলের খাতায় উঠিয়ে ফেলেছে গণমাধ্যমগুলো। বাকি আছে কেবল ‘দোদুল্যমান’ রাজ্যগুলোর ভোটের হিসাব, যে রাজ্যেগুলো ঐতিহাসিকভাবে কোনো দলের পক্ষে সবসময় যায় না বা গত নির্বাচনগুলোতে যেগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কমবেশি তাই মোটামুটি একই রকম যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর ইলেকটোরাল ভোটের মানচিত্র। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভোট শেষ হবে সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় সকাল ছয়টা)। আর স্থানীয় সময় রাত ১২টার মধ্যেই বিজয়ীর নাম জানা যাবে বলে ধারণা করা যাচ্ছে। একেকটি রাজ্যের ইলেকটোরাল ভোটের সংখ্যা একেক। আর যে রাজ্যে যে প্রার্থীর পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে সে ওই রাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোটই পায়। তবে বেশিরভাগ রাজ্যেরই ডেমক্রেট বা রিপাবলিকানদের মধ্যে কোনো এক দলের প্রতি সমর্থনের ইতিহাস আছে। তাই বাকি থাকে আসলে কয়েকটি রাজ্য যার ভোটারদের ভোটের ওপরই নির্ভর করবে ওবামা বা রমনির ভবিষ্যৎ। এগুলোই হলো ‘ইলেকশন ব্যাটেলগ্রাউন্ড’। যেমন, বিবিসির হিসেবে ১৯৬টি ইলেকটোরাল ভোট এরই মধ্যে রয়েছে ওবামার বাক্সে। রমনিকে দেয়া হয়েছে ১৯১টি। দোদুল্যমান রাজ্যগুলোর রয়েছে ১৫১টি ভোট। প্রেসিডেন্ট পদে মূল দুই প্রার্থী এই রাজ্যগুলোতেই তাদের সবচেয়ে বেশি সময় দিয়েছেন, নির্বাচনী অর্থ ব্যয় করেছেন। যেমন সবচেয়ে বড় ইলেকটোরাল কলেজ ক্যালিফোর্নিয়ার ভোট (৫৫) ওবামার ঝুড়িতেই যে যাচ্ছে, তা মোটামুটি ধরে নিয়েছে সব শিবির। অন্যদিকে ইলেকটোরাল ভোটের সংখ্যার হিসেবে দ্বিতীয় টেক্সাস (৩৮) ঐতিহাসিকভাবেই রিপাবলিকানদের। ফলে এই দুটো রাজ্যে ইলেকটোরাল ভোট বেশি হলেও ফল নিয়ে তেমন কোনো আকর্ষণ নেই গণমাধ্যমে। ২৯টি ভোট নিয়ে তৃতীয় অবস্থানে আছে নিউ ইয়র্ক ও ফ্লোরিডা। এর মধ্যে নিউ ইয়র্ক ডেমক্রেটদের। কিন্তু দোদুল্যমান ফ্লোরিডার সমর্থন যে কেউই পেতে পারে। রয়টার্সের মতে, ভোটযুদ্ধে অনিশ্চয়তা এনে দেওয়া ফ্লোরিডার পাশাপাশি অন্য রাজ্যগুলো হচ্ছে ওহাইও (১৮) ভার্জিনিয়া (১৩), উইসকনসিন (১০), কলোরাডো (৯), নেভাডা (৬), আইওয়া (৬) ও নিউ হ্যাম্পশায়ার (৪)। তাই বেশি ইলেকটোরাল ভোটের ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের ফল নিয়ে গণমাধ্যমের যতটা আকর্ষণ তার চেয়ে অনেক গুণ বেশি আকর্ষণ অপেক্ষাকৃত কম ইলেকটোরাল ভোটের ওহাইও বা ভার্জিনিয়া নিয়ে। ওবামা আর রমনিও তাই গুরুত্ব দিয়েছেন দোদুল্যমান রাজ্যগুলোর ভোটারদের মন জয় করতে। তাদের নির্বাচনী বাজেট ও সময়ের বেশিরভাগই ব্যয় হয়েছে এ রাজ্যগুলোয়। তাই ভোটের সময়ও সব আকর্ষণ থাকবে এই রাজ্যগুলোর দিকেই। রাজ্যগুলোর ভোট গ্রহণ শেষে ‘এক্সিট পোলের’ ওপর থাকবে সবার চোখ। প্রতিটি রাজ্যেই ভোট শেষ হওয়ার পর কেন্দ্র ফেরত ভোটারদের মধ্যে চালানো জরিপ থেকে ওই রাজ্যের মোটামুটি একটা ফল ধারণা করা হবে। এ ক্ষেত্রেও গণমাধ্যমে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে দোদুল্যমান রাজ্যগুলোর ভোটাররাই। সাধারণত যেসব রাজ্য আগে থেকেই ডেমক্রেট বা রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকে সেসব রাজ্যগুলোর ফলই আগে-ভাগে পাওয়া যায়। কিন্তু দোদুল্যমান রাজ্যগুলোর ভোটের ফল আসতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ছয়টি রাজ্যের ভোট গ্রহণ শেষ হবে। কিন্তু সবার চোখ থাকবে কেবল ভার্জিনিয়ার দিকে। ভার্জিনিয়ার ১৩টি ইলেকটোরাল ভোট কার বাক্সে পড়ে তা দেখে বোঝা যাবে রাতটা কোন দিকে যাচ্ছে, কে হতে যাচ্ছেন বিজয়ী। সাড়ে ৭টায় শেষ হবে তিনটি রাজ্যের ভোট, কিন্তু সবার চোখ থাকবে গুরুত্বপূর্ণ ১৮টি ইলেকটোরাল ভোটের মালিক ওয়াইওর দিকে। এ রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ধারণা করা হচ্ছে। রাত ৮টায় ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও ১৬টি রাজ্যের ভোট শেষ হওয়ার পর নির্বাচনের জটিল হিসাব নিকাশ একটু সহজ হতে থাকবে। কারণ এই ১৬টি রাজ্যের মধ্যে রয়েছে ‘ব্যাটলগ্রাউন্ড’ ফ্লোরিডা (২৯ ভোট) আর নিউ হ্যাম্পশায়ার (৪)। রাত ৯টায় শেষ হবে গুরুত্বপূর্ণ কলোরাডো (৯) ও উইসকনসিনসহ (১০ ইলেকটোরাল ভোট) ১৪টি রাজ্যের ভোট গ্রহণ। যদি আগের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর ভোটের হিসেবে দুই দল সমান সমান থাকে তবে এ দুটি রাজ্যের এক্সিট পোলের হিসেব থেকে মোটামুটি বোঝা যাবে, কে হতে যাচ্ছেন বিজয়ী। আর রাত ১টায় যখন আলাস্কায় ভোটকেন্দ্রগুলো বন্ধ হবে, তার আগেই কিন্তু মোটামুটি বলে দেয়া যাবে বারাক ওবামা হোয়াইট হাউজে থেকে যাচ্ছেন, না কি নতুন বাসিন্দা হয়ে আসছেন মিট রমনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭২৫ ঘ.