ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে এগিয়ে থেকে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সিবিএস, এনবিসি, সিএনএন ও বিবিসি এরই মধ্যে ওবামা প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেকটোরাল ভোট পেয়ে গেছেন বলে ঘোষণা করেছে।
অর্থনীতি নিয়ে মার্কিনিদের দীর্ঘমেয়াদী অসন্তোষ আর নির্বাচনের ঠিক আগে রমনির কঠিন চ্যালেঞ্জ ছাপিয়ে হোয়াইট হাউজে আবার চার বছরের জন্য গেলেন ওবামা।
ফ্লোরিডার ফল হাতে আসার আগে ওবামা পেয়েছেন ৩০৩টি ইলেকটোরাল ভোট। রমনি পেয়েছেন ২০৬টি।
অনেক রাজ্যের ভোটের পুরো ফল হাতে আসার আগেই প্রেসিডেন্ট নির্ধারক ‘দোদুল্যমান’ রাজ্যগুলোর প্রায় সবকটিতে ওবামা জেতায় বা এগিয়ে থাকায় আগেভাগেই ওবামাকে জয়ী ঘোষণা করা গেছে।
তাই ভোটের পুরো ফল আসার আগেই পরাজয় মেনে নিয়ে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন রমনি। বিশ্ব নেতারাও ওবামাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
উইসকনসিন, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার আর ওহাইওতে ওবামা জিতে সব জল্পনা কল্পনার অবসান ঘটান। অন্য গুরুত্বপূর্ণ রাজ্য ভার্জিনিয়া, ফ্লোরিডা, নেভাডা আর কোলারাডোর ফল তখনও আসা বাকি।
বাকি রাজ্যগুলো এমনকি বাকি ‘ব্যাটলগ্রাউন্ড’ এর ফল নিয়ে কোনো গুরুত্ব না থাকায় ওবামাকে একে একে জয়ী হিসেবে ঘোষণা করে সিএনএন, রয়টার্স, সিবিএস ও বিবিসি।
মার্কিন সংবিধান অনুযায়ী প্রত্যেক রাজ্যের নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল ভোট থাকে। কোনো রাজ্যে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেলে সে রাজ্যের সব ইলেকটোরাল ভোটই তার বাক্সে যায়।
মোট ভোটের হিসেবে কিন্তু সমান-সমানে রয়েছেন ওবামা আর রমনি, যদিও নির্বাচনের ফলে এর তেমন কোনো গুরুত্ব নেই।
ভোট গোনা শুরু হওয়ার পর ডেমক্রেট অধুষ্যিত রাজ্যগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ আইওয়া, পেনসিলভানিয়া, মিশিগান, মিনাসোটা ও উইসকনসিনে ওবামা এগিয়ে থাকায় বোঝা যাচ্ছিল যুক্তরাষ্ট্র আগামী চার বছরের জন্য নতুন কোনো প্রেসিডেন্ট দেখছে না। ওহাইওতে অল্প ব্যবধানে জয়ী হওয়ার পরপরই ওবামার বিজয় নিশ্চিত হয়ে যায়।
রমনি রিপাবলিকানদের শক্ত ঘাটিগুলোতে জয়ী হওয়ার পাশপাশি ২০০৮ সালে ওবামার জেতা নর্থ ক্যারোলিনা আর ইন্ডিয়ানাও ছিনিয়ে নেন। কিন্তু ‘ব্যাটেলগ্রাউন্ডগুলোতে’ পিছিয়ে পড়ায় আরাধ্য ২৭০টি ভোটের বাধা তিনি আর পেরোতে পারেননি। ওহাইওতে পিছিয়ে পড়ার পর তার হার মোটামুটি নিশ্চিত হয়ে যায়।
৫০টি রাজ্য আর ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া জুড়ে একে একে ভোট শেষ হতে থাকলেও ‘ব্যাটেলগ্রাউন্ড’ বা ‘দোদুল্যমান’ হিসেবে বিবেচিত কয়েকটি রাজ্যেই ছিল সবার নজর। ভোটযুদ্ধে অনিশ্চয়তা এনে দেওয়া এই রাজ্যগুলো ফ্লোরিডা, ওহাইও, ভার্জিনিয়া, উইসকনসিন, কলোরাডো, নেভাডা, আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারের বেশিরভাগেই ‘এক্সিট পোলে’ এগিয়ে ছিলেন ওবামা।
যে প্রার্থী ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি পাবেন, শেষ বিচারে তিনিই হন বিজয়ী। তাই রাজ্যগুলো থেকে গণনাকৃত ভোটের হিসেব আসার সঙ্গে সঙ্গে ইলেকটোরাল ভোটের মানচিত্র সাজিয়ে ফেলে যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমগুলো। কোনো রাজ্যের আংশিক ভোট গণানার ফল এলেও ওবামা আর রমনির ভোটের অনুপাত দেখে রাজ্যটির ফল কার পক্ষে যাবে তা আগেভাইে বলে দিয়েছে তারা।
আর অনেক আগে থেকেই কিছু রাজ্য ডেমক্রেট ও আর কিছু রাজ্য রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকায় সেগুলোর ইলেকটোরাল ভোট আগেই ফলাফলের মানচিত্রে উঠিয়ে রেখেছিল গণমাধ্যমগুলো।
যেমন সবচেয়ে বড় ইলেকটোরাল কলেজ ক্যালিফোর্নিয়ার ভোট (৫৫) ওবামার ঝুড়িতেই যে যাচ্ছে, তা মোটামুটি ধরে নিয়েছে সব শিবির। অন্যদিকে ইলেকটোরাল ভোটের সংখ্যার হিসেবে দ্বিতীয় টেক্সাস (৩৮) ঐতিহাসিকভাবেই রিপাবলিকানদের বলে মানচিত্রে তা রমনিকেই বিজয়ী ধরা হয়।
যে রাজ্যেগুলো ঐতিহাসিকভাবে কোনো দলের পক্ষে সবসময় যায় না বা গত নির্বাচনগুলোতে যেগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সেগুলোকেই ‘দোদুল্যমান’ ধরা হয়েছিল। তাই ভোটযুদ্ধে অনিশ্চয়তা এনে দেওয়া ফ্লোরিডা (২৯), ওহাইও (১৮), ভার্জিনিয়া (১৩), উইসকনসিন (১০), কলোরাডো (৯), নেভাডা (৬), আইওয়া (৬) ও নিউ হ্যাম্পশায়ারের (৪) দিকেই নজর ছিল গণমাধ্যমগুলোর।
নিউ হ্যাম্পশায়ার, উইসকনসিন ও আইওয়ার পর ওহাইওতেও ওবামা এগিয়ে গেলে গণমাধ্যমগুলোর জন্য ওবামাকে জয়ী ঘোষণা করাটা ‘নিরাপদ’ হয়ে যায়, দ্রুতই শেষ হয়ে যায় ফল নিয়ে সব জল্পনা-কল্পনা।
অবশ্য যুক্তরাষ্ট্রের বুথফেরত জরিপে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গিয়েছিল প্রধান দুই প্রার্থী ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধ্যে।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ হতে শুরু করে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা)। কিন্তু পশ্চিমের রাজ্যগুলোতে ভোট শেষ হওয়ার আগেই পূর্বের প্রাথমিক ফল ঘোষণা শুরু হয়ে যায়।
মঙ্গলবারের নির্বাচনে মার্কিন সিনেটের ১০০টি আসনের এক-তৃতীয়াংশের ভোট হয়। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনেও ভোটাভুটি হয়।
প্রতিনিধি পরিষদে পূর্বাভাস মতোই জিতেছে রিপাবলিকানরা। আর ডেমোক্রেটরা সিনেটে নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছেন।
ওবামা আর রমনি নির্বাচনে প্রায় ২০০ কোটি ডলার খরচ করেছেন যার বেশিরভাগই খরচ হয়েছে ‘দোদুল্যমান’ রাজ্যগুলোতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২০২ ঘ.
bdnews24