২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওহাইওতেই নির্ধারিত হতে পারে ‘ওবামা’ না ‘রমনি’

জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজ্যের নির্বাচনী জরিপে সার্বিকভাবে সমান অবস্থানে আছেন ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনি। তবে বিভিন্ন ধরনের হিসাবে হোয়াইট হাউজের টিকেট পেতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ১৮ ইলেকটোরাল ভোটের রাজ্য ওহাইও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

সিনসিনাটি, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজ্যের নির্বাচনী জরিপে সার্বিকভাবে সমান অবস্থানে আছেন ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনি। তবে বিভিন্ন ধরনের হিসাবে হোয়াইট হাউজের টিকেট পেতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ১৮ ইলেকটোরাল ভোটের রাজ্য ওহাইও। প্রেসিডেন্ট হতে হলে প্রয়োজন হবে ২৭০টি ইলেকটোরাল ভোট। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যোগ্যতা প্রমাণে যাবতীয় প্রচারণা ও নিজের পক্ষে ভোট টেনে আনার যাবতীয় প্রচেষ্টার চূড়ান্ত ফল নির্ধারিত হতে পারে এই রাজ্যের কয়েকটি জেলা থেকেই। সোমবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের যৌথ জনমত জরিপে রাজ্যটিতে ৫০ শতাংশ জনসমর্থন পেয়ে এগিয়ে ছিলেন ওবামা, আর রমনির পক্ষে সমর্থন ছিলো ৪৬ শতাংশের। অন্যান্য বিভিন্ন সংস্থার জরিপেও দুই প্রার্থীর মধ্যে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা দেখা গেছে ১ কোটি ১৫ লাখ জনসংখ্যার এ রাজ্যটিতে। এর আগে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাজ্যটিতে ৪ দশমিক ৬ শতাংশ ভোট নিয়ে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে হারিয়েছিলেন ওবামা। দীর্ঘসময় ধরে দোদুল্যমান থাকা ওহাইও’র ১৮টি ইলেকটোরাল ভোট জিতে নিতে বেশ কিছু দিকে নজর রাখতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এজন্য ওবামা শিবিরকে বিশেষ করে ডেমোক্রেটপন্থী শহর ক্লিভল্যান্ডের পার্শ¦বর্তী কিউয়াহোগা জেলার সম্ভাব্য সর্বোচ্চ ভোট পেতে হবে। শিল্পাঞ্চল হিসেবে খ্যাত ওহাইও’র উত্তর দিকের এই এলাকাটিতে রাজ্যের প্রায় ১০ শতাংশ মানুষ বাস করে। দ্বিতীয়ত, সাধারণ হিসাবে রিপাবলিকান সমর্থক বলে পরিচিত হ্যামিল্টন জেলায় শোচনীয় পরাজয় ঠেকাতে হবে ওবামাকে। কেনটাকি রাজ্যের সীমানায় অবস্থিত ওহাইও’র দক্ষিণ-পশ্চিম অংশের এ জেলাটিতে ২০০৮ সালে জিতেছিলেন ওবামা। ওহাইও’র সবচেয়ে বেশি রিপাবলিকান সমর্থকদের অবস্থান সিনসিনাটি শহর ও আশপাশের এলাকায়। এখানে ফলাফল সমান রাখার জন্য লড়ছেন ওবামা, তবে ৩-৪ শতাংশের চেয়ে বেশি ব্যবধানের হার বিপদজনক হবে বলে জানিয়েছে ওবামার প্রচারণা শিবির। তবে ওহাইও’র উত্তরাঞ্চলে ওবামার বিপুল ভোট ব্যাংক ঠেকাতে হ্যামিল্টন জেলা ও প্রত্যন্ত এলাকাগুলোতে সর্বোচ্চ ভোট পেতে হবে রমনি শিবিরকে। পুরো ওহাইও রাজ্যে জিততেও হ্যামিল্টনের সহায়তা নিতে হবে রমনিকে। এদিকে সাধারণত মধ্যপন্থী এ রাজ্যের মাঝামাঝি এলাকা ফ্র্যাঙ্কলিন জেলায় জিততে পারেন যে কোনো প্রার্থীই। ওহাইও’র রাজধানী ও সবচেয়ে বড় শহর কলম্বাস মূলত ডেমোক্রেট সমর্থক হলেও, এর উপশহর ও আশপাশের গ্রামীণ এলাকাগুলো রিপাবলিকান ঘেঁষা। মাঠ পর্যায়ে শেষমূহুর্তের প্রচারণাই এ রাজ্যে লড়াইয়ের মূল ফলাফল গড়ে দিবে বলে মনে করা হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও স্বেচ্ছাসেবীরা প্রচারণা চালিয়েছে বলে জানিয়েছে ওবামা শিবিরের একজন মুখপাত্র। রোববার রমনি পক্ষেও অন্তত ১৫ হাজার কর্মী প্রচারণা চালিয়ে গেছে। যদি শেষমূহুর্তের প্রচারণার কারণে দুই পক্ষই নিজ নিজ পক্ষে সর্বোচ্চ ভোট টানতে সমর্থ হয়, তাহলে দোদুল্যমান ভোটাররাই ভাগ্য গড়ে দিতে পারে। সাধারণত ব্যক্তিগত সম্পর্কের দ্বারা প্রভাবিত হয়েই ভোট দিয়ে থাকেন দোদুল্যমান ভোটাররা। ওহাইওতে ডেমোক্রেট শিবিরের পরিকল্পনাকারী গ্রেগ হাস বলেন, যেকোনো টেলিভিশন বিজ্ঞাপন, সংবাদ মাধ্যম বা সাংগঠনিক সম্পর্কের চেয়ে পরিবার বা বন্ধুদের প্রভাব বেশি থাকে মানুষের উপর। ওবামার প্রচারণা তহবিলে দান করলেও শেষ পর্যন্ত রমনির পক্ষেই গিয়েছেন ড্রাই ক্লিনিং ব্যবসায়ী অ্যালেক্সা মারিনো। সমলিঙ্গের বিয়ে বিষয়ে ওবামার অবস্থানকে সমর্থন করলেও ক্লিভল্যান্ডের বাসিন্দা অ্যালেক্সা বলেন, “অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে আসতে রমনি আমাদের বেশি ভালো নেতৃত্ব দিবেন বলে মনে করি আমি।” তবে নারী বিষয়ক ইস্যুগুলোতে ওবামার অবস্থানের বিষয়টি ব্যবহার করে অনেক দোদুল্যমান নারী ভোটারকে তার পক্ষে টানা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ওবামা শিবিরের প্রচারণাকর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৪৩ ঘ.