২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ প্রচারে মরিয়া ওবামা-রমনি

প্রচারাভিযানের শেষ দিন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় সিদ্ধান্তহীন ভোটারদের দলে টানতে মরিয়া যুক্তরাষ্ট্রের প্রধান দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ও মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচারাভিযানের শেষ দিন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় সিদ্ধান্তহীন ভোটারদের দলে টানতে মরিয়া হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রধান দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ও মিট রমনি। প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবার। এ নির্বাচনে প্রার্থীর সংখ্যা ২৭ জন হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাত্র এ দুজনই। বাকী প্রার্থীরা নির্বাচনে জিতবেন না তা মেনে নিয়েও প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন। কিন্তু মূল প্রতিযোগিতা জমে উঠেছে ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা আর রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে ঘিরে। বেশির ভাগ জরিপেই দুই প্রার্থীর অবস্থান সমানে সমান দেখা গেছে। সর্বশেষ জরিপেও দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতারই আভাস পাওয়া যাচ্ছে। জাতীয় জরিপগুলোয় দেখা যাচ্ছে, নির্বাচনে ওবামা ও রমনি উভয়েরই জয়ের সম্ভাবনা রয়েছে। তবে তাদের জয়ের ব্যাপারে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবির জোর দিয়ে বা নিশ্চিত করে এখনো কিছু বলতে পারছে না। জনমত জরিপে দু’প্রার্থীই সমান সমান অবস্থানে থাকায় দোদুল্যমান ভোটারদের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে তাদেরকে। আর তাই এ ভোট দলে টানতে মরিয়া হয়ে শেষ চেষ্টা চালাচ্ছেন দুজনই। চরম উত্তেজনায় আছে দুই শিবির। ওবামা- রমনির এ মরিয়া প্রচারে সামিল হয়েছেন তাদের স্ত্রীরাও। ওবামার স্ত্রী মিশেল ওবামা আর রমনির স্ত্রী অ্যান রমনি শেষ মুহূর্তে নিজ নিজ স্বামীর পক্ষে ভোটারদের দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওবামার চার বছরের শাসনামলে দেশ কতটা এগিয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে স্বামীর পক্ষে ভোট চাইছেন মিশেল। অন্যদিকে, রমনিকে সব দিেেক ক একজন সফল মানুষ হিসাবে তুলে ধরে দেশনেতৃত্বে তার ব্যর্থ হওয়ার সম্ভাবনা নেই এ বার্তা দিয়ে ভোটারদের দলে টানার চেষ্টা নিয়েছেন অ্যান রমনি। ওদিকে, মিট রমনি সোমবার ফ্লোরিডা, ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার ও ওহাইওয় প্রচারে নামেন। এর মধ্যে ফ্লোরিডায় তিনি এগিয়ে আছেন বলে নির্বাচনী জরিপগুলোয় দেখা গেছে। একই অবস্থান রয়েছে ভার্জিনিয়াতেও। দু’প্রার্থীর শেষ প্রচারে অর্থনীতির বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি যুক্তিতর্কই প্রাধান্য পাচ্ছে। ওবামার শাসনামলে অর্থনৈতিক রেকর্ড নিয়ে প্রচার চালাচ্ছেন রমনি। ওবামা যুক্তরাষ্ট্রে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টির দাবি করলেও বেকারত্ব যে কমেনি সেদিকেই ইঙ্গিত করছেন রমনি। ওবামা দেশে পরিবর্তন নিয়ে আসার যে প্রতিশ্র“তি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তা পূরণে ব্যর্থ হয়েছেন বলে ভোটারদের জানাচ্ছেন রমনি। অন্যদিকে, ওবামা অর্থনৈতিক অগ্রগতির প্রতিবেদন ভোটারদের সামনে তুলে ধরে বলছেন, তিনি উন্নতি করেছেন। কিন্তু সেই উন্নয়নকাজ শেষ করার জন্য তার আরেকবার ক্ষমতায় আসা প্রয়োজন। ওবামার এ প্রচার শেষ হচ্ছে উইসকনসিন, আইওয়া আর ওহাইও হয়ে। এই তিনটি রাজ্যে জয়ের পাল¬া সামান্য ঝুঁকে রয়েছে ওবামার দিকে। দুই প্রার্থীই প্রচারাভিযান শেষ করছেন ওহাইও অঙ্গরাজ্যে। এ রাজ্যে জয় পাওয়া বিশেষ করে রমনির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ রাজ্যে জিততে না পারলে নির্বাচনী দৌড়ে জয় পাওয়া রমনির জন্য কঠিন হয়ে যাবে। নির্বাচনে জয়ের ব্যাপারে এখনো কোন দলই পূর্ণ আত্মবিশ্বাসী নয়। রোববার দেশজুড়ে হাজার হাজার ভোটরের সামনে বক্তব্য রেখেছেন দুই প্রার্থী। ওই দিন রমনি পেনসিলভেনিয়ায়ও সমাবেশ করেছেন। তার উপদেষ্টারা জানিয়েছেন ওই অঙ্গরাজ্যে তার জয়লাভের সম্ভাবনা আছে। এদিন নিউ হ্যাম্পশায়ার, ফ্লোরিডা, ওহাইও ও কলোরাডোয় সমাবেশ করেন ওবামা। রোববার প্রকাশিত এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট পরিচালিত একটি জনমত জুরিপ অনুযায়ী, উভয়ের ৪৮ শতাংশ সমর্থন রয়েছে। রমনি শ্বেতাঙ্গ, বয়স্ক ও ইভানজেলিক্যাল খ্রিস্টানদের মধ্যে জনপ্রিয়। অন্যদিকে, নারী, অশ্বেতাঙ্গ ও যুবকদের মধ্যে জনপ্রিয় ওবামা। এছাড়া, দোদুল্যমান গুরুত্বপূর্ণ ৯টি অঙ্গরাজ্যে কিছুটা এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট। ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়। জনসংখ্যার ওপর ভিত্তি করে প্রতিটি অঙ্গরাজ্যে কিছু সংখ্যক ইলেকটোরাল ভোট নির্ধারিত হয়। যে প্রার্থী ২৭০টি ইলেকটোরাল ভোট পাবেন তিনিই নির্বাচনে বিজয়ী হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৩ঘ.